ইংরেজরা আসার আগে ভারত বলে কিছু ছিলই না: সাইফ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৯:০৩ এএম

শুধু অভিনেতাই নয়, ভারতের অন্যতম একটি রাজবংশের উত্তরাধিকারী সাইফ আলী খান। তবে রাজনীতি নিয়ে খুব একটা সরব নন হায়দরাবাদের পতৌদি পরিবারের ছোট নবাব।

সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে ‘ভারত’ নিয়ে মন্তব্য করে খানিকটা বেকায়দাই পড়ছেন তিনি। তার মতে, ‘ইংরেজরা আসার আগে ভারত বলে কিছু ছিলই না।’

এই নায়কের সর্বশেষ সিনেমা ‘তানাজি’ সফল, সঙ্গে আছেন অজয় দেবগণ ও কাজল। ছবিতে সাইফের চরিত্রের নাম উদয়ভান সিং রাঠোর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাইফ বলেন, “ব্রিটিশরা যত দিন আসেনি ততদিন ‘ভারত’ বলে কোনো ধারণা ছিল না।”

সাক্ষাৎকারের একটি ছোট্ট অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেটি রিটুইট করে চলছে একের পর এক সমালোচনা।

পরিচালক, লেখক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী, ইন্টারভিউয়ের ওই অংশটি তুলে টুইট করে দেন। পোস্টে সাইফের মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি নাম না করে যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই ফিল্ম সমালোচক অনুপমা চোপড়ারও সমালোচনা করেন।

বিবেকের পোস্টকে রিটুইট করে এক ইউজার লিখেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে ১৬০০ সালে। কলম্বাস তার আগে ১৪৯২ সালে ভারত আবিষ্কার করেন। ভারত মহাসাগরের নামকরণ হয় ১৫১৫ সালে।

লেখক তারেক ফতেহও সাইফের সমালোচনা করেন এমন মন্তব্যের জন্য। তাকে ইতিহাসবিদ বলে কটাক্ষ করে বলেন, শেষবার উনি যখন ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন সেই সময় ছেলের নাম তৈমুর রাখেন।

অবশ্য সাইফ তার মন্তব্যের কোনো ব্যাখ্যা দেননি। এর আগে ‘মনিকর্নিকা’ সিনেমায় ‘ভারত রক্ষা’র কথা বলে উল্টো কটাক্ষের শিকার হন কঙ্গনা রনৌত। অনেকে বলেছিল, ব্রিটিশরা এই অঞ্চল দখলের  আগে ‘ভারত’ বলতে এখন যা বোঝায়, তেমনভাবে নির্দেশ করা হতো না। সাইফ তেমন কিছু বলেছেন কিনা স্পষ্ট নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত