ভোটাররা যাতে সুষ্ঠু ও ভয়ভীতি ছাড়া নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে গাবতলী পর্বত সিনেমা হলের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে তিনি এ কথা বলেন।
তিনি ৯ নং ওয়ার্ডের কোর্টবাড়ি, বাজারপাড়া, হরিরামপুর, গোলারটেক, দিয়াবাড়ি, বর্ধনবাড়ি, বাঘবাড়ি, গাবতলী বাসস্ট্যান্ড এবং ১১ নং ওয়ার্ডের কল্যাণপুর বাসস্ট্যান্ড, লেকভিউ, দক্ষিণ পাইকপাড়া, বটতলা, মধ্য পাইকপাড়া, লালওয়াল, নতুন বাজার, ডি টাইপ কলোনি, কল্যাণপুর হাউজিং এস্টেট, পোড়াবস্তি ও শহীদ মিনার রোডে গণসংযোগ করবেন।
তাবিথ আউয়াল বলেন, ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছেন। ইভিএম নিয়ে ভোট নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে শঙ্কায় আছেন তারা।
তিনি বলেন, ইসি নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। এখন তারিখ নিয়ে সুষ্ঠু সমাধানে আসতে পেরেছে। আমরা আশা করবো ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে। তবে আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারেরা ভোট দিতে পারলে বিজয় নিশ্চিত।
ধানের শীষের এ প্রার্থী বলেন, আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের বাধা দেওয়া হচ্ছে। এভাবে চললে ভোটাররা ভয়ের মধ্যে থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবুর হাবিব, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
