গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের গণসংযোগকালে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ভোটে আইনশৃঙ্খলা
রক্ষায় সেনাবাহিনী মাঠে থাকছে না বলেও জানান তিনি। আলমগীর বলেন, ‘তাবিথের ওপর হামলার বিষয়ে কমিশনের কাছে বিএনপি তাৎক্ষণিকভাবে অভিযোগ করেছে। কমিশন সেটি শুনেছে। সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য।’
এর আগে সকালে গাবতলীতে তাবিথের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ করে বিএনপি। এ বিষয়ে কমিশনের সঙ্গে বৈঠকে তাৎক্ষণিক অভিযোগ জানায় বিএনপি। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের সঙ্গে বৈঠক করতে বিএনপির প্রতিনিধিদল এসেছিল। তারা কিছু অভিযোগ করেছে। নির্বাচন কমিশন ধৈর্যের সঙ্গে শুনেছে।
ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সেনা থাকছে না : আসন্ন ঢাকা সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব থাকে, সে নির্বাচনে তাদের ডাকা হয়। এটি জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন। এখানে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ইভিএমে যারা কাজ করবে তারা সেনাবাহিনীর ফোর্স না, টেকনিক্যাল লোক। যারা ইভিএমের এক্সপার্ট তাদেরই শুধু রাখা হবে।
২০১৫ সালের নির্বাচনে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল, এবার সেনাবাহিনীকে কোনোভাবে রাখার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবার নির্বাচনে এমন কোনো পরিকল্পনা নেই।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে ভিসিবল (দৃশ্যমান) না এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা বিভাগীয় কমিশনারের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। তারা বলেছেন, ‘সব ম্যাজিস্ট্রেটকে তারা ভিসিবল করার চেষ্টা করছে। তবে সবসময় যে ম্যাজিস্ট্রেটরা জানিয়ে যাবেন তা নয়, কিছু কিছু সময় তদন্ত করতে হলে তাদের গোপনে যেতে হয়। এজন্যই হয়তো সবার সামনে দৃশ্যমান হচ্ছেন না। কিন্তু রিপোর্ট তারা ঠিকই দিচ্ছেন।’
সিইসির সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম, ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
