ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের কদমতলীতে মাইক্রোবাস (হায়েস), অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যয় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে শুধু একজনের নাম জানলেও পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে হযরতপুরের কদমতলীতে কলাতিয়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। প্রথমে তাদের হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ও পরে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনজনের মৃত্যু হয়। আরও তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করা হলে নার্স সাবিনা জানান, কেরানীগঞ্জের দুর্ঘটনায় সন্ধ্যার দিকে ছয়জনকে জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে তিনজন সঙ্গে সঙ্গেই মারা যায়। বাকি তিনজনের অবস্থাও গুরুতর। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে মো. কবির (৩২)। বাকি কারও নাম-ঠিকানা জানা যায়নি। তিনজনের মরদেহ এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই রাখা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
