পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ভালো ফল করা উচিত বলে মন্তব্য করেছেন আইসিসির নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে বাইরে থাকা সাকিব আল হাসান।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৮ সালের পর এই প্রথম পাকিস্তানে গেল টাইগাররা।
তিন ধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম ধাপে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি।
পাকিস্তান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। তবে এই সংস্করণে সাম্প্রতিক ফর্মটা তাদের ভালো নয়। সব মিলে ২০১৯ সালে ১০ ম্যাচের মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। নিজেদের মাঠেই গেল অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
সাকিব সেই প্রসঙ্গ টেনে বললেন, ‘শ্রীলঙ্কা শেষবার যখন গেল ৩-০ তে জিতে এসেছে পাকিস্তানের সঙ্গে। তো আমাদেরও ভালো ফল করা উচিত।’
বুধবার লাইফবয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধির অনুষ্ঠানে এসে সাকিব পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলেন। নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করলে শুভ কামনা জানালেন সতীর্থদের প্রতি, ‘আমি আশা করি সবাই যেন নিরাপদে যেতে পারে এবং খেলে ফিরে আসতে পারে।’
