১০ জনের আর্সেনাল রুখে দিল চেলসিকে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০২:২৫ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ একটি লন্ডন ডার্বি দেখল ফুটবলপ্রেমী। চেলসি-আর্সেনাল ম্যাচটি শেষ দিকে মাত্র ৪ মিনিটের উত্তেজনায় ড্র হলো। বলা যায় চেলসির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ১০ জনের আর্সেনাল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে গানার্সরা। তবুও ঘরের মাঠে আর্সেনালকে হারাতে ব্যর্থ হয় চেলসি। শেষ পর্যন্ত ২-২-এ শেষ হয় লড়াই। এদিকে হঠাৎ ফর্ম হারানো ম্যানচেস্টার সিটি কোনোমতে জয় নিয়ে ফিরেছে শেফিল্ড ইউনাইটেডের মাঠ থেকে। সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে জয় নিশ্চিত হয় সিটির। স্টামফোর্ড ব্রিজে দারুণ এক সন্ধ্যা কেটেছে দর্শকদের। শেষ দিকের উত্তেজনা তো ছিলই, সঙ্গে বোনাস হিসেবে মিলেছে ৬৩ মিনিটে আর্সেনালের প্রথম গোলটি। দলের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি অবিশ্বাস্য এক গোল উপহার দেন। তার গোলের আগেই ২৮ মিনিটে জর্জিনহোর পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। প্রথমার্ধেই আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের লাল কার্ড হজম করতে হয় আর্সেনালকে। কাকতালীয়ভাবে এই ব্রাজিলিয়ানের সর্বশেষ লাল কার্ডটিও ছিল স্টামফোর্ড ব্রিজে। আরও আশ্চর্যের বিষয় সেবার প্রতিপক্ষও ছিল চেলসি-আর্সেনাল। শুধু লুইজের গায়ে ছিল চেলসির জার্সি, এবার আর্সেনালের। শেষে ৮৪ মিনিটে আজপিলিকোয়েতা চেলসির হয়ে গোল করেন। ৩ মিনিট পর বেলেরিন আর্সেনালকে সমতায় ফেরান।  ইন্টারনেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত