ঢাকা থেকে রওনা হয়ে মাঝ আকাশে ‘বিমান ছিনতাই’ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। এতে মূল আসামি নিহত পলাশ আহমেদ ছাড়া কারও সম্পৃক্ততা মেলেনি উল্লেখ করে মামলা নিষ্পত্তির জন্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছে বলে জানান সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।তিনি বলেন, ‘বিমান ছিনতাই’য়ের দিনই অভিযানে মামলার মূল আসামি নিহত পলাশ আহমেদ ছাড়া ওই ঘটনায় আর কারও সম্পৃক্ততা মেলেনি। তাই মামলা নিষ্পত্তির জন্য ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ মাঝ আকাশে ছিনতাইয়ের চেষ্টা হয়। প্রায় দুই ঘণ্টা পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। এ ঘটনায় পলাশসহ কয়েকজনকে আসামি করে চট্টগ্রামের পতেঙ্গা থানায় ২৫ ফেব্রুয়ারি মামলা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
×
