পরপর কয়েকটি হিট সিনেমা উপহার দিয়ে বলিউডে বেশ জমিয়ে বসেছেন জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। হাতে আছে অ্যাকশন থ্রিলার ‘বাগি’র তৃতীয় কিস্তি।
ধারণা করা হচ্ছে, আগের দুই সিক্যুয়েলের মতো এবারও বক্স অফিসে ঝড় উঠবে।
এত দিন ‘বাগি থ্রি’র অন্যতম চমক ধরা হচ্ছিল প্রথম কিস্তির নায়িকা শ্রদ্ধা কাপুরের ফেরত আসা। এবার জানা গেল, প্রথমবারের মতো বাবার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে চলেছেন টাইগার।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার বুদ্ধি এটি। তিনি চাইছেন টাইগারের বাস্তব জীবনের বাবা যেন এই সিনেমায় শক্তিশালী একটি ভূমিকা রাখেন।
এর আগে ২০১৭ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে বাবা-ছেলে একসঙ্গে ওঠেন। সেই আসরে জ্যাকিকে নাচে নাচে শ্রদ্ধা জানান টাইগার। আর এবার এক সঙ্গে সিনে পর্দায় আসছেন তারা।
‘বাগি থ্রি’তে যোগ দিচ্ছেন রিতেশ দেশমুখ। তাকে দেখা যাবে নায়কের বড় ভাইয়ের ভূমিকায়। ছবিটি মুক্তি পাবে ৬ মার্চ।
টাইগারকে সর্বশেষ দেখা গেছে হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার’ ছবিতে, যা বক্স অফিসের নিরিখে গত বছরে বলিউডের সবচেয়ে সফল সিনেমা।
