অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দুই রাউন্ডে দাপট দেখালেও তৃতীয় রাউন্ডে হোচঁট খেলেন সেরেনা উইলিয়ামস। চীনের ওয়াং কিয়াংয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টটির সাতবারের চ্যাম্পিয়নকে।
মেলবোর্নে শুক্রবার তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ২৭তম বাছাই ওয়াংয়ের কাছে ৬-৪, ৬-৭, ৭-৫ সেটে হারেন ৩৮ বছর বয়সী সেরেনা। এই হারের অর্থ হলো রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিততে আরও অপেক্ষা আরও বাড়ল যুক্তরাষ্ট্রের এই তারকা অ্যাথলেটের।
সেরেনা তার ২৩টি গ্র্যান্ড স্ল্যামের শেষটি জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনেই ২০১৭ সালে। এরপর মাতৃত্বের ছুটি কাটিয়ে কোর্টে ফিরলেও গ্র্যান্ড স্ল্যামের দেখা পাননি তিনি। অস্ট্রেলিয়ান ওপেনেই এই খরা কাটাতে মরিয়া ছিলেন সেরেনা। সেটা আর হলো না।
গত বছর সেরেনারে কাছে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নিয়েছিলেন ওয়াং। এবার কঠিন এই প্রতিপক্ষকে হারাতে পেরে দারুণ খুশি ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।
“আমি মনে করি, আমার দল সবসময় বিশ্বাস করেছে যে, আমি এটা করতে পারব। শেষবারের লড়াইয়ের পর আমি কোর্ট ও কোর্টের বাইরে অনেক পরিশ্রম করেছি। আমার বিশ্বাস ছিল যে, আমি এটা করতে পারব।”
