জোড়া উইকেট হারাল বাংলাদেশ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৩:৪৪ পিএম

দলীয় রান একশোয় পৌঁছার আগে জোড়া ধাক্কা খেল বাংলাদেশ। লিটন দাসের (১২) রান আউটের পর শাহাব খানের বলে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনিংয়ে দায়িত্বশীল ব্যাটিং করা মোহাম্মদ নাঈম শেখ। উইকেট ছাড়ার আগে ৪১ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৩ রান করেন এই বাহাতি ওপেনার। পনেরোতম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০।

রান আউট তামিম

দলকে দারুণ শুরু এনে দেওয়ার পর রানের গতি বাড়াতে তৎপর হচ্ছিলেন। কিন্তু বেস্তে গেল তামিম ইকবালের পরিকল্পনা। রান-আউট হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ এ ওপেনারকে।

তামিমের বিদায়ে লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭১ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। উইকেট ছাড়ার আগে ৩৪ বলে ৩৯ রান করেন এই ওপেনিং ব্যাটসম্যান।

তবে উইকেটে রয়েছেন ওপেনিংয়ে তামিমের সঙ্গী মোহাম্মদ নাঈম। তার সঙ্গে জুটি গড়েছেন লিটন দাস।

তামিম-নাঈমে সাবধানী শুরু বাংলাদেশের

পাওয়ার প্লে’র ছয় ওভারে তেমন কিছু করতে না পারলেও উইকেটের সময়ের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছেন তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম। এর সুফল হিসেবে পাকিস্তানের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৬২। বিচক্ষণতার সঙ্গে ব্যাট চালিয়ে যাচ্ছেন তামিম-নাঈম।

২০১৮ সালের নভেম্বরের পর টি-টোয়েন্টিতে ফিরেছেন তামিম। অভিজ্ঞ এই ওপেনিং ব্যাটসম্যানকে ভালো সঙ্গ দিচ্ছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলা নাঈম।

ভারতের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসার মোস্তাফিজুর রহমান, আলি আমিন হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত