আ.লীগ বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র করছে : ফখরুল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০২:৩১ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আসন্ন ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে

প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে, নানাভাবে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। বর্তমান সরকার রাজনৈতিকভাবে শূন্য হয়ে, দেউলিয়া হয়ে গিয়ে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক কারণে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। তিনি রাজনীতি করতেন না। তারপরও প্রতিহিংসায় কোকোর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত