দর্শককে গালি দিয়ে ক্ষমা চাইলেন স্টোকস

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০১:১১ পিএম

আউট হয়ে প্যাভিলিয়নে যাওয়ার সময় গ্যালারিতে এক দর্শককে গালি দিয়ে অনুতপ্ত বেন স্টোকস। এমন ‘অপেশাদার’ আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।

জোহান্সবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। শুক্রবার ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রান করে আউট হওয়ার পথে দর্শককে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বসেন স্টোকস।

স্টোকসের গালি সরাসরি টিভিতে না দেখালেও ব্রডকাস্টাররা ঠিকই মুহূর্তটি ধরে ফেলে। পরে মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজের আচরণে অনুতপ্ত স্টোকস দিনের খেলা শেষ হওয়ার পর বলেছেন, “আউট হয়ে ফেরার পথে সরাসরি সম্প্রচারে আমার যে ভাষা শোনা গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ওভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি আমার।”

“আমি আবারও বলছি আমার আচরণ অপেশাদার ছিল এবং এর জন্য আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। বিশেষ করে অরেক ক্ষুদে ভক্ত আছে যারা টেলিভিশনে খেলা দেখে থাকে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত