জোহানেসবার্গ টেস্টের নাটাই ইংল্যান্ডের হাতে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১২:৫৩ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী চতুর্থ টেস্টে দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে সফরকারী ইংল্যান্ড। জোহানেসবার্গে শনিবার দিনটা দারুণ কাটিয়ে দলটি। মার্ক উডের অলরাউন্ড নৈপুণ্যে একরকম দিশেহারা প্রোটিয়ারা।

উড অপরাজিত ৩৫ রানে করেন। তাতে ইংল্যান্ড প্রথম ইনিংস ৪০০ রানে থামার আগে শেষ উইকেটে যোগ করে ৮২ রান। স্টুয়ার্ড ব্রডের সঙ্গে এই জুটি গড়েন উড।

শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে ব্রড ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করেন। উড ৩৯ বলে অপরাজিত ৩৫ রান করেন ২ চার ও ৩ ছক্কায়।

এর আগে ৪ উইকেটে ১৯২ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। জো রুট ২৫ ও ওলি পোপ ২২ রান নিয়ে দিন শুরু করেন। দুজনেই তুলে নেন ফিফটি। রুট ১০৮ বলে ৬ চারে ৫৯ রান করেন। পোপ ৭৮ বলে ৮ চারে ৫৬ রান করেন।

এই দুজন ফেরার পর দ্রুতই গুটিয়ে যাচ্ছিল ইংলিশদের ইনিংস। ৫ উইকেটে ২৬৯ রান থেকে ৯ উইকেটে ৩১৮ রানে পরিণত হয় দলটি। এরপর উড ও ব্রডের সেই লড়াই। ক্রিস ওকসও দারুণ খেলেছেন। নয় নম্বরে নেমে ৩২ রান করেন তিনি। প্রোটিয়াদের পক্ষে আনরিক নর্তিয়ে ৫ উইকেট নিয়েছেন।

এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ইংলিশ বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। কুইন্টন ডি কক খানিকটা ব্যতিক্রম ছিলেন। দিনের সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থেকে গেছেন।

ওপেনার ডিন এলগার ২৬ ও পিটার মালান ১৫ রান করেন। অধিনায়ক ফাফ ডু প্লেসি আবারো ব্যর্থ হয়েছেন। ফিরেছেন মাত্র ৩ রানে। ভন ডার ডুসেন রানের খাতাই খুলতে পারেননি। তেম্বা বাভুমা ফিরেছে ব্যক্তিগত ৬ রানে। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে নর্তিয়েও ৬ রানে ফেরেন। মালান, বাভুমা ও নর্তিয়ের উইকেট নিয়ে ইংলিশদের পক্ষে সবচেয়ে সফল উড।

সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত