ইমাম বুখারি (রহ.) হাদিস-গবেষণার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য করতেন। বাণিজ্যের অঙ্গনে তিনি ‘সৎ ও আমানতদার ব্যবসায়ী’র আদর্শ ছিলেন। ইতিহাসে তার সম্পর্কে আছে যে, একবার কিছু লোক তার কাছে এসে কোনো একটি পণ্যের সওদা করে চলে যায়। ইমাম বুখারি (রহ.) মনে মনে এ পণ্যটির বিক্রয়মূল্য পাঁচ হাজার দিরহাম (রৌপ্যমুদ্রা) ধার্য করেন। অবশ্য তখনো এ বিষয়ে কোনো চুক্তি বা লেনদেন করেননি। শুধুই অন্তরে নিয়ত করেছিলেন। কিন্তু ওই লোকদের আসতে দেরি হচ্ছিল। দু-এক দিন পেরিয়ে গেলেও তারা আর আসেনি।
ইতিমধ্যে নতুন একদল গ্রাহক আসে। তারা সেই পণ্যটি দশ হাজার দিরহাম মূল্যে কিনতে চায়। ইমাম বুখারি তখন তাদের (রহ.) বলেন, আমার কাছে আগে একদল গ্রাহক এসেছিলেন। আমি তাদের কাছে এটি পাঁচ হাজার দিরহামে দেব বলে নিয়ত করেছিলাম। তাই এখন এটা আপনার কাছে বিক্রি করতে পারব না। তারা বললÑ এখনো তো আপনার লেনদেন পূর্ণ হয়নি! তখন ইমাম বুখারি (রহ.) উত্তর দিলেন, লেনদেন বা কোনো চুক্তি হয়নি সত্য। কিন্তু আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম, পাঁচ হাজার দিরহামে তাদের এটি দিয়ে দেব। তাই দশ হাজার দিরহামে এটি তোমাকে দিতে আমার মন আগ্রহী হচ্ছে না। এভাবে তিনি এই দশ হাজার দিরহামের প্রস্তাবটি বাতিল করে দেন। তারপর যখন সেই প্রথম দল আসে, তখন তাদের কাছে পাঁচ হাজার দিরহামেই জিনিসটি বিক্রি করেন। (ফাতহুল বারি : ১/৪৮০)
বুখারিতে বর্ণিত একটি ঘটনা
এ ইমাম বুখারি (রহ.) তার কিতাব বুখারি শরিফে ব্যবসা-সংক্রান্ত একটি ঘটনা বর্ণনা করেন। এতে উল্লেখ করেন, ‘এক ব্যক্তি একজন লোকের কাছে জমি বিক্রি করে। জমিটির খরিদ্দার যখন তাতে খোঁড়াখুঁড়ি করছিল; তখন ঘটনাক্রমে সেখানে স্বর্ণমুদ্রা ভর্তি একটি কলসি বেরিয়ে আসে।
কলসিটি নিয়ে লোকটি জমি বিক্রেতার কাছে এসে বলল ভাই, তোমার জমিতে এ স্বর্ণমুদ্রাগুলো পেলাম। তাই এগুলো তোমার। কারণ, আমি তোমার কাছ থেকে শুধু জমি কিনেছি, স্বর্ণ কিনিনি। উত্তরে জমি বিক্রেতা বলে, এটা আমি নেব না। কেননা, আমি যখন জমি বিক্রি করেছি, তখন তার মধ্যে যা ছিল সেটাও তোমার কাছে বিক্রি করে দিয়েছি। এরপর দুজনের মধ্যে নেওয়া আর না নেওয়া নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়।
বিষয়টি একপর্যায়ে কাজির (তৎকালীন বিচারপতি) দরবার পর্যন্ত। তখন কাজিকে পুরো ঘটনা জানানো হয়। সবকিছু শুনে কাজি সাহেব ঘোষণা দিলেন, তোমাদের দুজনের কোনো ছেলেমেয়ে আছে? ভাগ্যক্রমে দেখা গেল, একজনের একটি ছেলে আছে; অন্যজনের একটি মেয়ে আছে। কাজি তখন বললেন, তোমার ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দাও। আর এ স্বর্ণগুলো তাদের মধ্যে বণ্টন করো। আর এতে এভাবেই উভয়ের মধ্যে সম্প্রীতি তৈরি হয়।’ (বুখারি, হাদিস : ৩৪৭২)
