পদ্মভূষণ পেলেন মোয়াজ্জেম আলী পদ্মশ্রী এনামুল হক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৪:৫৫ এএম

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’ পেয়েছেন প্রয়াত বাংলাদেশি কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী এবং তৃতীয় সর্বোচ্চ ‘পদ্মশ্রী’ পদক পেয়েছেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন শাখায় এ বছরের পদ্ম পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলী বাংলাদেশের জন্মলগ্ন থেকেই কূটনীতিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

 ২০১৪ সাল থেকে গত ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বে ছিলেন পেশাদার কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী।

 দায়িত্ব ছেড়ে দেশে ফেরার কয়েক দিনের মাথায় গত ৩০ ডিসেম্বর মারা যান তিনি।

অন্যদিকে ঢাকা জাদুঘরকে ১৯৮৩ সালে বাংলাদেশের জাতীয় জাদুঘরে রূপান্তর করেন পদ্মশ্রী পদক পাওয়া জাদুঘর আন্দোলনের পথিকৃৎ এনামুল হক। আহসান মঞ্জিলকে জাদুঘরে পরিণত করার মূল উদ্যোক্তাও তিনি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও মার্চ-এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন অনুষ্ঠানে পদক তুলে দেওয়া হবে।

এ বছর পদ্ম পুরস্কারের তিন বিভাগ ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ প্রাপ্ত হিসেবে মোট ১৪১ জনের নাম ঘোষণা করা হয়।

এর মধ্যে ৭ জন ‘পদ্মবিভূষণ’, ১৬ জন ‘পদ্মভূষণ’ এবং ১১৮ জন ‘পদ্মশ্রী’ পদক পেয়েছেন।

এর আগে ২০১৪ সালে সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানকে পদ্মভূষণ এবং তার আগের বছর সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে ভারত সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত