প্রথম টি-টোয়েন্টিতে ২০৩ রান করেও জিততে পারেনি নিউজিল্যান্ড। রবিবার অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের পুঁজি ১৩২ রানের বেশি হলো না। ভারতও তুলে নিল আরেকটি সহজ জয়। ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে গেল বিরাট কোহলির দল।
বোলারদের দারুণ নৈপুণ্যের পর এদিন ব্যাটিংয়ে ভারতের হয়ে আলো কেড়েছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার। সম্প্রতি দুর্দান্ত ধারাবাহিক রাহুল এদিন ৫৭ রানের অপরাজিত ইনিংসে হয়েছেন ম্যাচসেরা। ৫০ বলে ৩ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। শ্রেয়াস আয়ার খেলেছেন ৩৩ বলে ৪৪ রানের ইনিংস।
যদিও রান তাড়ায় ভারতের শুরুটা ছিল হতাশার। প্রথম ওভারেই ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা (৮)। বিরাট কোহলিও (১১) স্থায়ী হননি বেশিক্ষণ। ৩৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে আয়ার ও রাহুল মিলে যোগ করেন ৮৬ রান। তাতেই সহজ জয় ধরা দেয় ভারতের।
১৭তম ওভারে আয়ার ফিরে যাওয়ার পর শিবাম দুবেকে (৮*) নিয়ে বাকি কাজ সারেন রাহুল। কিউইদের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন টিম সাউদি।
এর আগে দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো ভালো শুরুর ইঙ্গিত দিলেও জুটিটি ভাঙতেই পথ হারায় নিউজিল্যান্ড। ছয় নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট ছাড়া অন্যরা মেলে ধরতে পারেনি নিজেদের। কিউদের ইনিংসটা তাই ৫ উইকেটে ১৩২ রানে আটকে যায়।
সেইফার্ট অপরাজিত ৩৩ রান করেন। এ ছাড়া গাপটিল ৩৩ ও মুনরোর ব্যাট থেকে আসে ২৬ রান। ২ উইকেট নিয়ে ভারতের বোলারদের পক্ষে সবচেয়ে সফল রবীন্দ্র জাদেজা।
বুধবার হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
