পুনর্বাসন ছাড়া ঢাকার কোনো বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল রবিবার সকাল পৌনে ১১টায় কড়াইল বস্তির মোশাররফ বাজার গেটে ১৭তম দিনের গণসংযোগের শুরুতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
তাবিথ বলেন, ‘গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করেন। তার পাশে কড়াইল বস্তিতে সবচেয়ে হতদরিদ্ররা বাস করেন। ধনী-দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। বস্তিবাসীদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে এখন দুর্নীতি-দুঃশাসন চলছে। সময় এসেছে এসব দুর্নীতি-দুঃশাসন রুখে দাঁড়াবার। ভয়-ভীতি আসবে সরকারের তরফ থেকে। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে অপশাসনের জবাব দেবেন। আগামী ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেশে পরিবর্তন আনতে হবে। তাহলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন।’
এরপর কড়াইল বস্তিতে গণসংযোগ করেন বিএনপির এই মেয়র প্রার্থী। তাবিথের সঙ্গে উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন ভূঁইয়া (ঠেলাগাড়ি মার্কা), ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (ব্যাডমিন্টন র্যাকেট মার্কা) ও ১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তফাও (গ্লাস মার্কা) অংশ নেন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কড়াইল বস্তিতে গণসংযোগ শেষে বনানী টিঅ্যান্ডটি কলোনির ৫ নম্বর গেটে পথসভা করেন তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমরা যেসব ওয়ার্ডে গিয়েছি, সেসব ওয়ার্ডের সমস্যাগুলো শুনেছি, তা সমধানের আশ্বাসও দিয়েছি। আগে দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব অবহেলা করায় এক লাখের বেশি নগরবাসী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকার যেসব সমস্যাগুলো আছে তা আমরা ১ ফেব্রুয়ারি থেকে মোকাবিলা শুরু করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘অতীতে অনেক নির্বাচনে কীভাবে ভোট কারচুপি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, ভোটকেন্দ্রে হামলা হয়েছে তা নগরবাসী দেখেছে। এসব কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। সেজন্য আমরা ভোটারদের অভয় দেওয়ার চেষ্টা করছি। আমরা সব ভোটারকে বলছি, আপনারা সবাই মিলে ভোটকেন্দ্রে যাবেন, নির্ভয়ে ভোট দেবেন। ইনশাল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে সব পরিস্থিতি মোকাবিলা করে ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই বিজয় লাভ করব।’
এরপর বনানী টিঅ্যান্ডটি কলোনিতে গণসংযোগ করেন তাবিথ। পরে গাড়িতে চড়ে আগারগাঁও বিএনপি বাজারে যান তিনি। সেখানে পথসভায় তাবিথ জানান, গোপীবাগে দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারে হামলা হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে তাবিথ বলেন, ‘ইশরাকের প্রচারণায় হামলা হয়েছে। এর আগে তার বাড়িতে হামলা করা হয়েছে। আমার গণসংযোগে হামলা হয়েছে। এসব হামলাকারীকে শাস্তির আওতায় আনুন। নির্বাচনের পরিবেশ তৈরি করুন।’
আগারগাঁও বিএনপি বাজার এলাকায় গণসংযোগ শেষে তাবিথ তালতলা, নবাবেরবাগ, মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট, মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় গণসংযোগ শেষে পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।
