সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি হলে আইনি পদক্ষেপ : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৩:১৬ এএম

ভারতের নতুন নাগরিকত্ব আইনের জের ধরে সৃষ্ট পরিস্থিতির ওপর বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে উদ্বেগজনক কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সীমান্ত ও আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। গতকাল রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সে দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মনে করে বাংলাদেশ সরকার। একে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ভারতের ঘরোয়া রাজনীতির অংশ হিসেবে দেখা যেতে পারে। আমরা বিশ্বাস করি, ভারত সরকার তাদের রাজনৈতিক প্রতিশ্রুতির ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার সময় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তাদের দৃঢ় পারস্পরিক বিশ্বাস, সৌহার্দ্য ও বোঝাপড়ার প্রতি পূর্ণ মনোযোগ দেবে। তা সত্ত্বেও বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশ এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় মনে করে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি ইস্যুতে বাংলাদেশের ওপর কোনো অযাচিত প্রভাব পড়বে না, সে নিশ্চয়তা ভারত সরকারের সর্বোচ্চ মহল থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সীমান্তসংক্রান্ত অপরাধসহ যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। উদ্বেগজনক কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সীমান্ত ও আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখতে সরকার অত্যন্ত কঠোর। বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪টি আঞ্চলিক সংগঠন এবং তাদের নিজস্ব সশস্ত্র গ্রুপের সহস্রাধিক সদস্য রয়েছে। এই গ্রুপগুলো পার্বত্য এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা, চাঁদাবাজি, অভ্যন্তরীণ কোন্দল ও মতবিরোধকে কেন্দ্র করে প্রায়ই দ্বিমুখী এবং কখনো ত্রিমুখী সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় স্বাভাবিক আইনশৃঙ্খলার উন্নয়নে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত