চীনের হাংজু প্রদেশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে এই প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।
প্রতিযোগিতা বাতিল হওয়ার বিষয়টি সোমবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু। বাংলাদেশের ৬ প্রতিযোগীর এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা ছিল।
করোনা ভাইরাস আতঙ্কে এখন পুরো বিশ্বই। চীনেই যে রোগের সূচনা। দেশটিতে এই ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় তিন হাজার। মৃতের সংখ্যাও এরই মধ্যে ৮০ ছাড়িয়েছে। এ অবস্থায় ১২ ও ১৩ ফেব্রুয়ারির প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকেরা।
তবে আবদুর রকিব মন্টু জানিয়েছেন, প্রতিযোগিতা বাতিল না হলেও বাংলাদেশের কোনো অ্যাথলেট না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।
বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল- স্প্রিন্টার হাসান মিয়া, ইসমাইল হোসেন, জহির রায়হান, আল আমিন, হাই জাম্পার মাহফুজুর রহমান ও লং জাম্পার আল-আমিনের।
