গত ২৩ থেকে ২৫ জানুয়ারি তিন দিনব্যাপী হয়ে গেল ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’। ঢাকার আইসিসিবিতে অনুষ্ঠিত এই ফ্যাশন উইকে ২১ জন স্থানীয় ও ৯ জন বিদেশি ডিজাইনার তাদের ডিজাইন প্রদর্শন করেন। এটি বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের জন্য অন্যতম সম্মানজনক কাজ। এতে অংশ নেওয়া যেকোনো মডেলের জন্যই সম্মানের। আর মডেল না হয়েও এ আয়োজনে নিজেকে উপস্থাপনের সুযোগ পাওয়া যে কারও জন্য আরও বেশি আনন্দের। তেমনি হয়েছে জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখের ক্ষেত্রে। তারা দুজন ‘বাংলাদেশ ফ্যাশন উইক’-এর তিন দিনই উদ্বোধনী কিউতে নিজেদের উপস্থাপন করেন। হৃদি বলেন, ‘আমার কাজ নাচ করা। কিন্তু এখানে আমাকে ক্যাটওয়াক করতে হয়েছে। আয়োজকরা যখন আমাকে জানালেন, এই শোতে আমাকে কোনো মডেল হিসেবে নয়, নৃত্যশিল্পী হৃদি হিসেবেই উপস্থাপন করা হবে। তখন কাজটি করতে আরও উৎসাহিত হই। মূলত এবার ট্রেসেমে ফ্যাশন শোর মাধ্যমে বিভিন্ন অঙ্গনের নয়জন সফল নারীদের উপস্থাপন করা হয়। যেমন নৃত্যশিল্পী, গায়িকা, উপস্থাপিকা, ক্রিকেটার, পাইলট, ডাক্তার ইত্যাদি অঙ্গন থেকে যারা সফল তাদের শো স্টপার হিসাবে দেখানো হয়। কাজটি করার পর সবাই বেশ প্রশংসা করছেন।’
×
