ঋণ নিয়ে খেলাপি হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ছুটে আদালতে, ঠুকে দেয় মামলা। ব্যাংকও অনেক সময় খেলাপি অর্থ আদায়ে আদালতে যায়। প্রভাবশালী খেলাপি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আইনজীবী নিয়োগ করে, আদায় করে ব্যাংকের বিপক্ষে স্থগিতাদেশ। ফলে বছরের পর বছর ধরে এসব মামলা নিষ্পত্তি হয় না। ব্যাংকও তাদের পাওনা অর্থ আদায় করতে পারে না। এটিই রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক চিত্র। অনেক সময় সরকারের এসব প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়া আইনজীবীরা গোপনে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা করেন বলেও অভিযোগ রয়েছে। এ পরিস্থিতি দূর করে খেলাপির মামলায় জয়ী হয়ে অর্থ আদায় বাড়াতে আইনজীবী প্যানেল নিয়োগে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), যা কেন্দ্রীয় ব্যাংকসহ প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এফআইডির উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত গতকাল জারি করা নির্দেশনায় বলা হয়েছে. প্যানেল আইনজীবী নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে এফআইডির আওতাধীন নিজ নিজ প্রতিষ্ঠান, সংস্থা ও দপ্তরের জন্য কমিটি গঠন করতে হবে। কমিটিতে এফআইডির প্রতিনিধি ও অ্যাটর্নি জেনারেল অফিসের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত করতে হবে।
এতে বলা হয়েছে, প্যানেল আইনজীবীর মেয়াদ হবে সর্বোচ্চ দুই বছর। যেসব আইনজীবীর পারফরম্যান্স সন্তোষজনক বিবেচিত হবে, তাদের পুনরায় নিয়োগ দেওয়া যাবে। আইনজীবী নিয়োগের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও তাদের পেশাগত দক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে। নিয়োগ আইনজীবীদের পারফরম্যান্স মূল্যায়ন করতে সংশ্লিষ্ট সংস্থা মাপকাঠি নির্ধারণ করবে। যেসব আইনজীবীর পারফরম্যান্স সন্তোষজনক মনে হবে না, তাদের বিষয় কমিটিতে উপস্থাপন করে প্যানেল থেকে বাদ দিয়ে নতুন আইনজীবী নিয়োগ দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বার্থে ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ প্যানেল আইনজীবী করতে পারবেন না। এ ধরনের অভিযোগ উঠলে কমিটির সুপারিশে তার নিয়োগ বাতিল করতে হবে।
এফআইডির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, হলমার্ক কেলেঙ্কারির পর প্রতিষ্ঠানটির সব সম্পদ নিলামে তোলে সোনালী ব্যাংক। বড় আইনজীবী নিয়োগের মাধ্যমে হলমার্ক গ্রুপ উচ্চ আদালতে তা আটকে দেয়। ওই ঘটনায় সোনালী ব্যাংকের আইনজীবীদের বিরুদ্ধে হলমার্কে তথ্য পাচারের অভিযোগও উঠে। এসব প্রেক্ষিতেই আইনজীবী প্যানেল নিয়োগে এ নির্দেশণা জারি করা হয়েছে।
