কুবির সমাবর্তনে রাষ্ট্রপতি

মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব ঘটাতে হবে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০২:৩৬ এএম

মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে প্রয়োজন একটি নীরব বিপ্লব। মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব ঘটাতে হবে। নইলে এ দেশ, এ দেশের বিশ^বিদ্যালয়গুলো তথা আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ছাত্র সমাজকেই মাদক প্রতিরোধ করতে হবে। মাদক আমাদের

সমাজকে ধ্বংস করে দিচ্ছে।’

গতকাল সোমবার কুমিল্লা বিশ^বিদ্যালয়ের (কুবি) ১ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কেন্দ্রীয় খেলার মাঠে বিকেল ৩টা ২৮ মিনিটে সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

রাষ্ট্রপতি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা উন্নত জাতি তৈরির মহান কারিগর। একজন শিক্ষক জাতির পথপ্রদর্শক। একজন শিক্ষকের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ নয়, তিনি জাতির বুদ্ধি ও বিবেককে জাগ্রত করে অন্তরে জ্ঞানের মশাল প্রজ¦লিত করেন। তাই, একজন শিক্ষককে হতে হবে আদর্শ ও ন্যায়নীতির প্রতীক।’

তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও দৃঢ়তা দিয়ে দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করবে। বিবেকের কাছে কখনো পরাজিত হবে না। এ দেশের খেটে খাওয়া মানুষের কথা ভুলে যাবে না। তাদের শ্রম ও ঘামের বিনিময়ে তোমরা শিক্ষা অর্জন করেছ। এখন সময় এসেছে সেই ঋণ পরিশোধ করার। পৃথিবীর যেই প্রান্তেই থাক তোমরা এ বিশ^বিদ্যালয়কে, এ দেশের মাটি ও মানুষকে ভুলে যাবে না।

বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঞ্চালনায় সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এছাড়া কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্যবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের সমাবর্তনে পাঁচটি অনুষদের মোট ২ হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২২২ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিধারী ১ হাজার ৬৬৫ জন। এদিকে শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি। বিকেল ৫টার দিকে সমাবর্তনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত