আইপিএল’র আগে সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ‘অল স্টার’ নামের একটি বিশেষ ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। আইপিএল’র সব দলের সাবেক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে আয়োজিত হবে এই ম্যাচ।
মুম্বাইয়ে সোমবার আইপিএল’র গভর্নিং কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান সৌরভ। তবে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে আইপিএল’র বল মাঠে গড়ানোর তিনদিন আগে ‘অল স্টার’ ম্যাচ হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে সৌরভের কথায়।
এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ যাবে সেবামূলক কাজে। তবে কোথায় ম্যাচটি আয়োজিত হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। আইপিএলের ম্যাচ শুরুর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। বিগত বছরগুলির মতো এবছরও আইপিএলের ম্যাচগুলি যথারীতি শুরু হবে রাত আটটা থেকে। আইপিএল ২০২০-র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইয়ে।
সম্প্রতি, আমেদাবাদে আইপিএলের ফাইনাল ম্যাচ আয়োজিত হওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সেসব উড়িয়ে দিয়েছেন সৌরভ।
২৯ মার্চ থেকে শুরু হবে ত্রয়োদশ আইপিএল’র ময়দানী লড়াই। ফাইনাল হবে ২৪ মে, মুম্বাইয়ে।
