সব শ্রেণির শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি: কোনাল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৮:২০ পিএম

জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। স্টেজ’শো, প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বললেন তিনি।

বর্তমান ব্যস্ততা

বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছি। আজ সন্ধ্যাতেও র‌্যাবের একটি কালচারাল প্রোগ্রামে পারফর্ম করলাম।

নতুন গানের কি খবর?

নতুন কিছু গানের কাজ শেষ করেছি। এগুলো ফেব্রুয়ারিতে রিলিজ হবে। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্যও একটি গান করছি। ফেব্রুয়ারিতে রেকর্ডিং হবে। গানটি ইউটিউবে প্রকাশ করব।

প্লেব্যাকের খবর…

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার প্লেব্যাক করেছি। কিছুদিন আগে সেই গানের দৃশ্যধারণও করে ফেলেছেন পরিচালক। এ ছাড়া আরও কিছু সিনেমার প্লেব্যাক করেছি।

সিনেমার গানের রেসপন্স কেমন পাচ্ছেন?

‘পাসওয়ার্ড’ সিনেমার আগুন লাগাইলো গানটির ব্যাপক সাড়া পাচ্ছি। আমি নরমালি এক ধরনের শ্রোতাদের জন্য গান করি।কিন্তু সব ধরনের শ্রোতাদের কাছে যাওয়ার মতো খুব কম গান করা হয়েছে।ফলে আগুন লাগাইলো গানটির কল্যাণে সব শ্রেণির শ্রোতাদের কাছে পৌঁছাইতে পারলাম। যেখানেই শো করছি সেখানেই গানটির বেশ ভালো রেসপন্স পাচ্ছি। বলতে পারেন সব শ্রেণির শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি।

তার মানে আইটেম বা হট কেক টাইপ গানগুলোর রেসপন্স বেশি হয়ে থাকে?

না আমি আপনার সঙ্গে একমত না। ‍এটাকে হটকেক গান বলব না, বলব সব ধরনের শ্রোতাদের গান। যারা প্লেব্যাক করেন তাদের সব শ্রেণির শ্রোতাদের জন্য সব ধরনের গান গাইতে হয়। আমাদের সিনিয়র শিল্পীদের দিকে তাকালেও তা দেখতে পাই। রুনা ম্যাডাম থেকে শুরু করে সাবিনা ইয়াসমিন ম্যাডাম, আশা ভোসলে, লতাজি, শ্রেয়া ঘোষালসহ গুণী শিল্পীরা কিন্তু সব ধরনের গানই গেয়েছেন।

আপনার ব্যক্তিগত ইউটিউব কেমন চলছে?

গত বছর নিজের ইউটিউব চালু করেছি। নিজের কিছু কিছু গান ইউটিউবে ছাড়ি। বেশ ভালো রেসপন্স পাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত