বাণিজ্য মেলায় গৃহিণীদের আগ্রহ থাকে নানা রকম গৃহস্থালি অর্থাৎ ক্রোকারিজ পণ্যের দিকে। তার প্রমাণ পাওয়া গেল মেলায় আসা প্রায় অনেক গৃহিণীর হাতে নানা রকম তৈজসপত্র দেখে। বাণিজ্য মেলায় বিভিন্ন ছাড়ে বিক্রি হচ্ছে এসব পণ্য।
প্লাস্টিক পণ্য : মেলার বিভিন্ন স্টলে প্লাস্টিকের তৈরি গ্লাস, চামচ, জগ, ঝুড়ি ও খেলনা থেকে শুরু করে ডাইনিং টেবিল, চেয়ার, সোফাসেট, আলমারি, শোয়ার খাটসহ ঘর-গৃহস্থালির নিত্যব্যবহার্য প্রায় সবকিছুই পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলায়। মেলায় আমদানি করা প্লাস্টিক পণ্যের চেয়ে দেশি প্রতিষ্ঠানে উৎপাদিত প্লাস্টিক পণ্যের চাহিদা বেশি। বাণিজ্য মেলায় দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানই প্লাস্টিক পণ্য বিক্রিতে ছাড় দিচ্ছে। অনেক প্রতিষ্ঠান ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। প্রাণ আরএফএল, বেঙ্গল গ্রুপসহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানও শুধু বাণিজ্য মেলার জন্য বিশেষ মূল্যছাড় দিয়েছে। অনেক প্রতিষ্ঠান একসঙ্গে পাঁচটি বা তার বেশি পণ্য কিনলে মোট মূল্যের ১০ শতাংেশর কম নিচ্ছে। প্রাণ আরএফএল এবারের বাণিজ্য মেলায় প্রায় আড়াই হাজারেরও বেশি ডিজাইনের পণ্য এনেছে। এর মধ্যে পুরনো পণ্যের পাশাপাশি শুধু মেলার জন্য এসেছে নতুন ধরনের চার শতাধিক পণ্য। মেলা উপলক্ষে নানা ডিজাইনের থালা, বাটি, গ্লাস, ভাতের ডিশ, তরকারির ডিশ গড়ে ২০ টাকা থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
স্টিল ও সিরামিক পণ্য : শুধু প্লাস্টিক নয়, গৃহিণীরা আগ্রহ নিয়ে স্টিলের হাঁড়ি, কলসি, চামচ ও গ্লাস কিনছেন। সিরামিকের থালাবাসনও কিনছেন। শাইনপুকুর মুন্নু সিরামিকের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে থাইল্যান্ড, ইরান, ভারত থেকে আমদানি করা পণ্য। যদিও দেশি পণ্যের চেয়ে বিদেশি পণ্যের দাম কিছুটা বেশি। মেলা ঘুরে দেখা যায়, সময় বাঁচিয়ে সহজে রান্নাবান্না করা যায় এমন সব পণ্য কিনছেন অনেক নারী। এর মধ্যে সবজি কাটা, রুটি বানানো, ডিম ফেটানোর যন্ত্র বেশি বিক্রি হচ্ছে। সবজি কাটার যন্ত্র ১০০ থেকে ৫০০ টাকায়। মেলায় পাপোশ, ঘর মোছার স্টিক, ময়লা কাপড় রাখার ঝুড়ি কিনে হাতে নিয়ে ঘুরতে দেখা গেল। ননস্টিক থালাবাসনও কিনছেন অনেকে। ফাইবারের পণ্যের চাহিদাও কম নয়। এসব পণ্য ব্যবহারে অনেক স্বাচ্ছন্দ্য। এসব পণ্য ৫০ থেকে ৫০০ টাকা বা এর বেশি দামে বিক্রি হচ্ছে।
ক্রোকারিজ পণ্য : বাণিজ্য মেলায় প্রতিবারের মতো এবারও বিক্রির শীর্ষে রয়েছে ক্রোকারিজ পণ্য। ক্রোকারিজের প্রায় সব পণ্যেই ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে স্টলগুলো। কোনো কোনো প্রতিষ্ঠান একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি দিচ্ছে। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো_ কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, দিল্লি অ্যালুমিনিয়াম, ওয়েলবার্গ, সিঙ্গার, নোভানা, নোয়া, নোভা, মিয়াকু, ইতালিয়ান ডিজনি ইত্যাদি। মেলায় বিভিন্ন ক্রোকারিজ স্টল ঘুরে দেখা যায়, ক্রোকারিজ পণ্য বিক্রি বাড়াতে কোম্পানিগুলো বিশেষ ছাড়ে বিক্রির ব্যবস্থা করেছে। বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় অফার, একটি কিনলে আরেকটি ফ্রি, বারো পিস বা ছয় পিসের প্যাকেজ_ এমন বিভিন্ন অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানগুলো। ক্রোকারিজের স্বনামধন্য ব্যান্ড কিয়াম এবারের মেলায় মূল্যছাড়ের পাশাপাশি একটি পণ্য কিনলে আরেকটি পণ্য ফ্রি দিচ্ছে। ১২০০-২৫০০ টাকা মূল্যের এক লিটার থেকে পাঁচ লিটারের প্রেশার কুকারের সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে একটি ফ্রাইপ্যান। মেটালের স্টিম প্রেশার কুকার আড়াই থেকে সাড়ে ছয় হাজার, ননস্টিক প্রেশার কুকার এক থেকে তিন হাজার, ফ্রাইপ্যান ৮০০ -২৫০০ এবং কড়াই ৪৫০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। ননস্টিক চামচ সেট কিনলে স্ক্রাব ফ্রি। ওভেন কিনলে প্রেশার কুকার ফ্রি দিচ্ছে। কিয়ামের বিক্রয় প্রতিনিধি অনামিকা বলেন, দেশীয় কাঁচামাল এবং বিদেশি প্রযুক্তিতে কিয়ামের পণ্য তৈরি করা হয়।
আমাদের পণ্যের প্রতি সব সময় ক্রেতাদের আকর্ষণ রয়েছে। এবারও ব্যতিক্রম হয়নি। মেলার শেষের দিকে আরও বাড়বে। ইতালিয়ান ডিজনি ক্রোকারিজ স্টলে প্রেশার কুকার, ফ্রাইপ্যান, ইলেকট্রিক কেটলি, টোস্টার, ওভেন, ব্লেন্ডার ৩০০ থেকে হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। মেলায় ওভেন পাবেন ২ থেকে ৩৫ হাজারের মধ্যে, ননস্টিক আইটেম ৩৫০ থেকে ৩৫ হাজার, বুফে সেট ৩৫০০ থেকে ৪৫ হাজার টাকায় পাবেন।
