অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বাবদ ব্যাংকগুলো কত টাকা চার্জ বা ফি নেয়, তা প্রকাশ্যে টাঙানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়, সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের নোটিস বোর্ডে ও ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিত করতে গতকাল সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)। এর আগে গত ৩১ অক্টোবর এ বিষয়ে এক নির্দেশনা জারি করে বিআরপিডি। গতকাল নতুন সার্কুলার জারি করে তা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
২০০৯ সালে জারি করা সার্কুলার অনুযায়ী সব ধরনের চার্জের পূর্ণ তালিকা নিজ নিজ ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে দর্শনীয় স্থানে প্রদর্শন ও ওয়েবসাইটে প্রকাশ করার বাধ্যবাধকতা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। তার ধারাবাহিকতায় সঞ্চয়ী ও চলতি আমানত হিসাবের বিপরীতে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি কমিয়ে গত বছর সার্কুলার জারি করা হয়েছে।
