শর্ট কাট রাস্তায় হেঁটো না: তরুণদের টেন্ডুলকার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৯:৪১ এএম

জীবনে সাফল্য পেতে গেলে শর্ট কাট অনুসরণ করা যাবে না বলে তরুণ প্রজন্মকে বার্তা দিলেন শচীন টেন্ডুলকার। অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছনো সম্ভব বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। এ প্রসঙ্গে নিজের জীবনের উদাহরণও টানলেন ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তি।

নিজের শহরেই তার নতুন অ্যাকাডেমির উদ্বোধন করেন টেন্ডুলকার। যার নাম মিডলসেক্স তেন্ডুলকর গ্লোবাল অ্যাকাডেমি। মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অত্যাধুনিক এই স্পোর্টস সেন্টার যাত্রা শুরু করল। যে অনুষ্ঠানে শচীনের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং।

অনুষ্ঠানে তরুণদের শর্ট কাট পথে না হাঁটার আহ্বান জানিয়ে টেন্ডুলকার বলেন, “নিজের জীবন থেকে বেশ কিছু অমূল্য শিক্ষা পেয়েছি। অধ্যবসায়, মনঃসংযোগ, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এগোনো যায় না। অনেক ক্ষেত্রে আমি নিজেও প্রত্যাশামাফিক খেলতে পারিনি।’’

‘‘কিন্তু যারা আমার সঙ্গে ছিলেন, তারা এই শিক্ষা দিয়েছিলেন যে, সহজ রাস্তায় না হেঁটে নিজের পায়ে দাঁড়িয়ে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। কেউ যদি শঠতার আশ্রয় নিতে চায়, তা হলে এক দিন সে ধরা পড়ে যাবেই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত