আমরা বিজয়ী হবই মনোভাব পরিত্যাগ করুন : সুজন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৫:১৯ এএম

রাজনৈতিক দলগুলোকে যেকোনো মূল্যে নির্বাচিত হওয়ার মনোভাব পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। ‘নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচিত করার’ দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে সুজন।

সুজন সম্পাদক ড. বদিউল আলম

মজুমদার বলেন, ‘আসন্ন নির্বাচনে আমাদের অনেকগুলো আশঙ্কা আছে। একটি হলো অনেকগুলো আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন এ ব্যাপারে নির্বাক। মনে হচ্ছে তারা এমন কাজ করবে না যাতে ক্ষমতাসীনদের বিরাগভাজন হতে হয়। এ রকম মানসিকতা একটা অশনিসংকেত। আরেকটা বিষয় লক্ষ করা যাচ্ছে নির্বাচন কমিশন নিজেদের যেন পোস্ট অফিস মনে করে। চিঠি আসলে তা বিতরণ করা পোস্ট অফিসের কাজ। তারা গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক দায়িত্বে নিয়োজিত রয়েছে তার গুরুত্বই যেন অনুধাবন করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘আরেকটা অস্বস্তির কারণ হলো ইভিএম। প্রথমত, নির্বাচন কমিশনের প্রতি জনগণের প্রতি অনাস্থা আছে। দ্বিতীয়ত, ইভিএমে ত্রুটিও রয়েছে। আমাদের ইভিএমে কোনো পেপার ট্রেইল না থাকায় ভোটের অডিট করা সম্ভব নয়। এ রকম আশঙ্কার মধ্যেও আমরা আশা করি, ভোটাররা সাহস করে কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর দুই দিন পর আমরা যাদের নির্বাচিত করব তারা আগামী পাঁচ বছর আমাদের পক্ষ হয়ে সিটি করপোরেশন পরিচালনা করবেন। এসব ব্যক্তি যাতে সৎ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হন সেটা আমাদের নিশ্চিত করতে হবে। যাতে আগামী পাঁচ বছর এই শহর সঠিকভাবে পরিচালিত হয়।’

মানববন্ধন সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে আমরা বিজয়ী হবইÑ এই ধরনের বক্তব্য না দিয়ে গণরায় মাথা পেতে নেওয়ার ঘোষণা দিন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানÑ পক্ষপাতহীনভাবে আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করুন। কোনো প্রার্থীর কর্মী বা সমর্থকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার বা হয়রানি করবেন না। ভোটারদের প্রতি আহ্বান ভোট প্রদানকে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত