এফবিসিসিআই প্রেসিডেন্ট পরিচয়ে প্রতারণা

ডিবির জালে ধরা প্রতারক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৫:৩৩ এএম

রাজধানীর বারিধারা এলাকা থেকে মীর শফিকুল ইসলাম (৫২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার বারিধারার ডিওএইচএসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সিরিয়াস ক্রাইম বিভাগ। ডিবির এক কর্মকর্তা জানান, ২৬ জানুয়ারি দুপুর ২টা ১৯ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের নাম-পরিচয় দিয়ে তার কথিত

এক বন্ধুর উত্তরায় একটি ইভেন্টের স্পন্সর করার জন্য এসিআই কোম্পানির চেয়ারম্যান আনিস-উদ-দৌলার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে আর্থিক সুযোগ-সুবিধা দিতে বলেন। তিনি তখন ফোনদাতার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরিচয় চ্যালেঞ্জ করেন। এতে ফোনদাতা কলটি কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন।

এ-সংক্রান্তে মঙ্গলবার এফবিসিসিআইয়ের সচিব আফসারুল আরেফিন ক্যান্টনমেন্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তারা প্রযুক্তির সহায়তায় এসিআই কোম্পানির চেয়ারম্যান আনিস-উদ-দৌলাকে ফোনকারী সেই প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর তার কাছ থেকে ওই মোবাইল নম্বরটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট পরিচয় দিয়ে এসিআই কোম্পানির চেয়ারম্যানকে ফোন করার কথা স্বীকার করেছেন। সিরিয়াস ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা আফরোজা লাকি দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তার ব্যক্তি খুবই ধুরন্ধর। তার প্রতারণার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত