নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোটকেন্দ্রের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল বুধবার বেলা ১১টায় ১৮নং ওয়ার্ডের নদ্দায় নির্বাচনী
প্রচার চালানোর সময় এ দাবি জানিয়ে তিনি বলেন, যেভাবে ভোটারদের সাড়া পাচ্ছি তাতে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। বিজয়ী হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা ভোটকেন্দ্রে যাব, পোলিং এজেন্টরা যাবেন, প্রার্থীরা যাবেন। ভোটের দিন ভোটকেন্দ্রের পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। তাবিথ বলেন, ইসি ভালোভাবেই জানে যে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে হলে কী কী পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তাই সব পরিস্থিতিতে যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে তা ইসিকেই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা বৃষ্টি ও শীত উপেক্ষা করে আমার কথা শুনছেন, আমাকে আশ্বস্ত করছেন। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার উঠেছে যদি কোনো অপচেষ্টাও হয় জনগণই হয়ত রুখে দাঁড়াবে।
ভোটারদের উদ্দেশে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভয়ের কিছু নেই। আপনারা ধানের শীষে ভোট দেবেন, আপনাদের অধিকার চর্চা করবেন। নাগরিক দায়িত্ব পালন করবেন। এক প্রশ্নের জবাবে তাবিথ বলেন, হামলা মামলার পরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি। আপনারা সরকারকে প্রশ্ন করেন। হামলা মামলা করে সরকার আমাদের নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে কি না।
এর আগে বারিধারা ডিওএইচএস দক্ষিণ গেট (ইউনাইটেড হাসপাতালের পাশে) থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তাবিথ। সেখান থেকে কালাচাঁদপুর, নদ্দা এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দীন জুয়েলসহ (ব্যাডমিন্টন মার্কা) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর নূরের চালা, খিলবাড়ির টেক, নয়ানগর, কাঁঠালদিয়া, মহাখালী কাঁচাবাজার ও মগবাজার নয়াটোলা পথসভায় বক্তব্য রাখেন তিনি। মগবাজার থেকে তাবিথ চলে যান গুলশান-১ ডিএনসিসি মার্কেট ও শাহ সাহেব বাড়ির মাজার এলাকায়। সেখানে গণসংযোগের মাধ্যমে এদিনের নির্বাচনী প্রচার শেষ করেন তিনি।
মগবাজার নয়াটোলা শিশু পার্কের সামনে পথসভায় তাবিথের সঙ্গে ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেন। সভায় বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় বিএনপি গঠিত কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, কোনো রকম গুজব, ভয়ভীতি ও শঙ্কা আপনারা উপেক্ষা করবেন। ভোটের দিন আপনারা কখনো পিছপা হবেন না। আপনারা যদি ভোটকেন্দ্রে যান, তাহলে ঢাকা শহরের ধানের শীষের পক্ষের গণজোয়ার দেখতে পাবেন।
