সালমাদের লক্ষ্য ‘স্মার্ট’ ক্রিকেট

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১২:১৮ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে ১৩ ম্যাচে মাত্র ২টি জয় বাংলাদেশ নারী দলের। সেই জয়ও এসেছে ২০১৪ বিশ্বকাপে, নিজেদের মাটিতে, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। সবশেষ দুই আসরে ৮ ম্যাচে জয় নেই একটিও। এবার সালমাদের লক্ষ্য, সেই জয়খরা কাটানো।

‘আমরা তো আশা করে যাই যে ভালো করব, একটি-দুটি ম্যাচ জিতব। এবারও আশা করছি একটি-দুটি ম্যাচ জিতব। সেই আশা নিয়েই বিশ্বকাপে যাচ্ছি’Ñ বলেছেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে যাচ্ছেন সালমারা।  সালমা জানালেন, তারা চান ‘স্মার্ট’ ক্রিকেট খেলতে এবং নিজেদের সেরাটা দিতে, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। তবে ওরা এখনো আমাদের সম্পর্কে জানে না, আমরাও ওদের সম্পর্কে জানি না। ভিডিওতে ওরা দেখেছে আমাদের, আমরাও দেখেছি ওদের। মাঠে যখন আমরা খেলব, তখনই বুঝতে পারব কে কার চেয়ে ভালো। অবশ্যই নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো। আমরা চেষ্টা করব স্মার্ট ক্রিকেট খেলতে।’

 

এই লক্ষ্যের পাশাপাশি একটি স্বপ্নও আছে সালমাদের। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফলাফলের দিক থেকে শীর্ষ ৮ দল পরের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ গত দুবার পারেনি সেরা আটে থাকতে, বিশ্বকাপ খেলতে হয়েছে বাছাইপর্ব উতরে। সেই ঝামেলায় আর যেতে চান না সালমা, ‘পরের বিশ্বকাপে যেন আমাদের কোয়ালিফাই খেলতে না হয়, সেটি চাইব।’

৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি নিজেদের ব্যবস্থায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ গোল্ডকোস্টে। এরপর ১৬ ও ২০ ফেব্রুয়ারি অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ও পাকিস্তান। মূল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে পার্থে। এর আগে ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত