ছেলের গান শুনে নিজেকে ধরে রাখতে পারিনি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১২:২৪ এএম

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক দিন সিনেমায় অভিনয় করেননি। কিন্তু ভক্তরা ঠিকই তাকে নিয়ে আলোচনায় মগ্ন। সম্প্রতি তিনি আলোচিত হয়েছেন ছেলের কণ্ঠে গানের কারণে। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস

অপুর সরস্বতী পূজা...

ছোটবেলায় সরস্বতী পূজায় স্কুলে খুব আনন্দ করতাম। ঢাকায় আসার পর ঘটা করে সরস্বতী পূজায় অংশ নেওয়া হয় না। তাই এবার ভিন্নভাবে সরস্বতী পূজার আয়োজন করেছি। গত বুধবার আমার বসুন্ধরার বাসায় সরস্বতী পূজার আয়োজন করেছিলাম। পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বন্ধু-বান্ধব, মিডিয়ার তারকা আঁখি আলমগীর, বুলবুল টুম্পা, তমা মির্জা, দেবাশীষ বিশ্বাস, গৌতম সাহাসহ অনেকেই। পূজা অর্চনার পর আমন্ত্রিত সবাইকে প্রসাদ খাইয়েছি। আর আড্ডা-গান তো ছিলই।

ছেলের গানে কান্না...

আমার একমাত্র সন্তান আব্রাম খান জয়। ওর পরিচয় সবার কাছে তুলে ধরার দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে সে। কিছুদিন আগে মা-বাবাকে ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/কাম টু মি হোয়েন আই কল ইউ’ গানটি ভাইরাল হয়। সরস্বতী পূজার আনন্দ আড্ডায় আমাকে নিয়ে একটি গান গেয়েছে জয়। ‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত।’ গানটি শুনে আমি আবেগ ধরে রাখতে পারিনি। সবার সামনেই কেঁদে ফেলি। সেই ভিডিওটি যে নায়িকা তমা মির্জা ফেইসবুকে প্রকাশ করবেন তা জানতাম না। এখন দেখি এই ভিডিও ভাইরাল (হা হা হা)। সবার এত ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।

স্টেজ শোতে ব্যস্ত

সংসার নিয়েই এখন ব্যস্ততা বেশি। পাশাপাশি স্টেজ শোতেও অংশ নিচ্ছি। সম্প্রতি ভারতে একাধিক শো করে এলাম। গতকাল আবার ভারতে যাচ্ছি। আজ কলকাতার নন্দীগ্রামে একটি শোয়ে অংশ নেব। দেশের কয়েকটি শো করেছি শীতে। টিভি চ্যানেলের অনুষ্ঠানেও নিয়মিত আসতে হচ্ছে। সবাই এত ভালোবেসে ডাকেন যে, কাউকে না করতে পারি না। দেবাশীষ বিশ্বাসের প্রথম ইউটিউব শোতে আমি প্রথম পর্বের অতিথি হিসেবে অংশ নিয়েছি। পর্বটি আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে।

আলোকিত নারী সম্মাননা

আমি নিয়মিত সংগ্রাম করে যাচ্ছি। কখনো নায়িকা হিসেবে, কখনো মা হিসেবে, কখনো কন্যা হিসেবে। সেই সংগ্রামী জীবনের স্বীকৃতি পেলে কার না ভালো লাগে। সম্প্রতি আমাকে ‘আলোকিত নারী’ সম্মাননায় ভূষিত করেছে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন। এটি সত্য, আমি নয় বছর গোপনে সংসার করেছি। সন্তানের মা হওয়ার পরও তাকে আড়াল করে রাখি। তারপরও আমি একটি কথা বলতে চাই, নারীদের পথচলায় সাহসী হতে হবে। নিজেকে একজন শক্তিমান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাকে সম্মানিত করায় এ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।

হাতে থাকা সিনেমা

দেশে মুক্তির অপেক্ষায় আছে আমার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে আমার নায়ক বাপ্পী চৌধুরী। এছাড়া ‘শটকার্ট’ নামের কলকাতার সিনেমার শ্যুটিংও শেষ করেছি। সুবীর মণ্ডল পরিচালিত ছবিটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত