চরভদ্রাসনের হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের ৪৪ এসএসসি পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র পায়নি। এতে তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রবেশপত্র না পাওয়ায় তারা স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক মো. সোহেল রানাকে দুষছেন। ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানায়, ওই দুই শিক্ষক তাদের পরীক্ষার ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে নির্ধারিত ফি ১৯৫০ টাকা ও অন্যান্য বিভাগে নির্ধারিত ফি ১৮৫০ টাকা করে নেন। কিন্তু তাদের কোনো রশিদ দেননি। পরে দেবেন বলে জানান। পরে তারা জানতে পারে, ফরম পূরণের টাকা সময়মতো ব্যাংকে জমা না দেওয়ায় বোর্ড থেকে তাদের (বিজ্ঞান বিভাগে ৪, বাণিজ্য বিভাগে ৪ এবং মানবিক বিভাগে ৩৬ জন) প্রবেশপত্র আসেনি।
প্রধান শিক্ষক লুৎফর বলেন, ‘আইসিটি শিক্ষক সোহেলের কাছে বোর্ডের ফি দিয়েছিলাম। কিন্তু তিনি টাকা জমা না দিয়ে ভুয়া রশিদ এনে দেন। যা তার কাছে সংরক্ষিত আছে।’
