ফেইসবুক আইডি হ্যাক করে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে মেসেঞ্জারের মাধ্যমে বিপদের কথা বলে টাকা চাচ্ছে একটি চক্র। আর এ জন্য তারা ‘ব্রাদার্স গ্যাং’ নামে একটি ফেইসবুক গ্রুপও খুলেছে; যা মালয়েশিয়া থেকে পরিচালিত হচ্ছে। বাংলাদেশে থাকা চক্রের সদস্যরা আইডি হ্যাকের জন্য ওই গ্রুপের কাছে সহায়তা চাইছে। এক্সপার্টরা আইডি হ্যাক করে দিচ্ছে। পরে আইডির বন্ধুদের থেকে বিপদের কথা বলে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। পরে মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। টাকা না দিলে নষ্ট করে ফেলা হচ্ছে আইডি। গত সোমবার খুলনা থেকে এই চক্রের সদস্য জাকারিয়া মোল্লা ওরফে সুমনকে (২৭) গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। ২৬ জানুয়ারি রামপুরা থানায় সাইফুল ইসলাম নামে এক ভুক্তভোগীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০১৯ সালের ১৮ জুলাই এ ঘটনায় সাধারণ ডায়েরি করেন সাইফুল। জাকারিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আইডি হ্যাক করে অর্থ আদায়ের এসব তথ্য। ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি মাহমুদা আফরোজা লাকী দেশ রূপান্তরকে বলেন, ‘মালয়েশিয়া থেকে পরিচালিত ‘ব্রাদার্স গ্যাং’-এর সঙ্গে জাকারিয়ার কতটুকু সম্পৃক্ততা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রুপের অন্যদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আরও বিস্তারিত বলা যাবে।’ এ বিষয়ে সবাইকে সাবধান হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে টাকা চাওয়া হলে শুরুতেই পুলিশের সহায়তা নিলে এ ধরনের কর্মকাণ্ড কমানো সম্ভব।’
রামপুরা থানায় করা মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৬ জুলাই সাইফুল ইসলামের ফেইসবুক আইডিটি হ্যাক হয়। এরপর সাইফুল সেজে, তার বন্ধু ও আত্মীয়ের কাছে জানায়, অসুবিধায় আছি কিছু টাকা লাগবে। সাইফুলের আত্মীয় ইয়াকুব আলীর কাছে ০১৯৯৯২৫১০১৭ বিকাশ নম্বর দিয়ে টাকা চাইলে তিনি এক হাজার টাকা দেন। সিঙ্গাপুরে থাকা আত্মীয় নাসিরও একই নম্বরে ৫০০ টাকা পাঠান। এভাবে আরও অনেকের থেকে টাকা নেয়।
ডিবির অনুসন্ধানে জানা গেছে, টার্গেট ব্যক্তির ফেইসবুক আইডি হ্যাক করত জাকারিয়া। এ কাজে তার সহযোগী মালয়েশিয়াপ্রবাসী আরিয়ান সাকিব (২৪)। আইডি হ্যাক করে যে টাকা পায় তার একটা অংশ চলে যায় আরিয়ানের কাছে। আরিয়ান ‘সাইবার ফোর্স স্পামিং জোন অ্যান্ড রিকভারি হ্যাকড বাই ব্রাদার্স গ্যাংয়ের’ অ্যাডমিন। জাকারিয়া তার কাছে সাইফুলের আইডিটি হ্যাকের জন্য সাহায্য চায়। আরিয়ান হ্যাক করে দেয়। এরপর জাকারিয়া বিপদের কথা বলে হ্যাক করা আইডি থেকে টাকা চেয়ে বিকাশ নম্বর দেয়। এতে অনেকে টাকা পাঠায়।
ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিমের টিম প্রধান এডিসি আসরাফউল্লাহ বলেন, ‘জাকারিয়া তথ্যপ্রযুক্তিতে দক্ষ। সে বিভিন্ন হ্যাকার গ্রুপের সঙ্গেও সম্পৃক্ত রয়েছে। তার থেকে বিভিন্ন ব্যক্তির হ্যাক করা ফেইসবুক আইডির তথ্য পাওয়া গেছে।’
