গোপালগঞ্জে গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০৩:০৯ এএম

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় সংঘর্ষের সময় গুলিতে একজন মারা গেছে। নিহত রনি হাওলাদার (১৬) এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে ও বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকের এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।

গোপালগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম এলাকায় আজিজুল শেখ ও ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিনের বিরোধ। গতকাল সকালে দুই বংশের লোকজন বনগ্রাম পূর্বপাড়ায় সংঘর্ষে জড়ায়। এ সময় করপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল শেখ গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে রনি হাওলাদার নিহত হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আজিজুল শেখসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত