চোটের কারণে মাঠের বাইরে বার্সেলোনার আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুইস সুয়ারেস ও উসমানে দেম্বেলে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ের কথা ভেবে আক্রমভাগ জোরদার করতে যাচ্ছে কাতালান ক্লাবটি। পর্তুগিজ ফরোয়ার্ড ফ্রান্সিসকো ত্রিনকাওদে দলে টানতে যাচ্ছে তারা।
তরুণ এই ফুটবলারের সঙ্গে চুক্তি নিয়ে ঐক্যমত্য হয়েছে বলে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী বার্সেলোনায় ২০২৫ সাল পর্যন্ত থাকবেন ত্রিনকাও। কুড়ি বছর বয়সী এই ফুটবলারের বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো!
পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় ত্রিনকাওয়ের দেশটির শীর্ষ লিগে অভিষেক হয় ২০২০ সালের জানুয়ারিতে, ব্রাগা এফসি’র হয়ে। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে লিগে ম্যাচ খেলেছেন ১১টি। তাতে গোল করেন দুটি, করিয়েছেন আরও দুটি।
