ডাবল সেঞ্চুরির দিনে টেস্ট দলে ফিরলেন তামিম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৪ এএম

পাকিস্তানের সঙ্গে রাওয়ালপিন্ডিতে আগামী শুক্রবার শুরু প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। অনুমিতভাবে তামিম ইকবাল ফিরেছেন দলে। মুশফিকুর রহিম পাকিস্তানে যেতে রাজি নন বলে দলে নেই। শেষ দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন চোটে ভুগছেন বলে দলে নেই। এই সুযোগে দলে ফিরেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ফিজের জায়গায় ফিরতে পেরেছেন রুবেল হোসেন।

ভারতের বিপক্ষে সর্বশেষ খেলা ১৬ সদস্যের টেস্ট দলের ৬ জন নেই পাকিস্তানগামী দলে। এই দলে ফেরার তালিকায় আছেন ৪ জন। যদিও তামিম বাদে বাকি তিনের টেস্ট পারফরম্যান্স বেশ খারাপই বলতে হবে।

বিসিএলের প্রথম রাউন্ডে খেলছেন মোস্তাফিজ। তাকে বাদ দেওয়ার প্রসঙ্গে দেশ রূপান্তরকে মিনহাজুল আবেদিন বলেছেন, ‘মোস্তাফিজ তো পারফরম্যান্সের জন্য নেই।’ আর ২৬ টেস্টের শেষটি ২০১৮-এর জুলাইয়ে খেলা পেসার রুবেলকে ফের দলে নেওয়া প্রসঙ্গে তার ভাষ্য, ‘অভিজ্ঞতা আছে। বিপিএলে দেখলাম গতি দিয়ে বল করে গেছে। একজন ফাস্ট বোলার ব্যাকআপ হিসেবে দরকার। আমাদের ফ্রন্টলাইনের তিন ফাস্ট বোলার শেষ টেস্টে ভালো বল করেছে। এখন ব্যাকআপ হিসেবে একজন দরকার।’

ইমরুল বিপিএলে পড়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। সাদমানের আঙুলের চোট পুরনো। মিরাজের বোলিং ফিঙ্গারে চোট। মোসাদ্দেক বিপিএলে পাওয়া পিঠের চোট সারিয়ে উঠতে পারেননি। ওদিকে নেই মুশফিক। প্রধান নির্বাচক বলছিলেন, ‘অবশ্যই বেশ কষ্ট হয়েছে দল গড়তে।’ তামিম ভারত সফরে যেতে পারেননি পারিবারিক কারণে। এবার ফিরলেন বলে দলের স্বস্তি।

গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে হেরে যাওয়া টেস্ট খেলে বাদ পড়েছিলেন ১৫ ম্যাচের অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত তার ৩ টেস্টের শেষটা খেলেছেন ২০১৮-এর নভেম্বরে। এদের দলে ফেরার ব্যাপারে পারফরম্যান্সের চেয়ে শূন্যতা পূরণের ব্যাপার বুঝি বেশি। শান্তকে দিয়ে উদাহরণ টেনে মিনহাজুল বলছিলেন, ‘রানের ভেতর তো আছে। ডমেস্টিকে যথেষ্ট ভালো খেলছে। তারপরও যেহেতু মিডল অর্ডার খালি আছে তাই সুযোগ এসে গেছে।’ আসলে টেস্ট দলে ফেরার মতো আহামরি কিছুই রুবেলের মতো শান্ত কিংবা সৌম্য মাঝে করেননি।

বাংলাদেশ দলে বিশেষজ্ঞ স্পিনার বলতে কেবল বাঁহাতি তাইজুল ইসলাম ও অফস্পিনার নাঈম হাসান। পেসার চারজন। বোলিং আক্রমণের ব্যাপারে মিনহাজুলের আভাস, ‘(ওখানে) কন্ডিশন অনেক ঠাণ্ডা। তাই তিন সিমার খেলানোর সম্ভাবনা বেশি।’ দলের তরুণদের দায়িত্ব নেওয়ার উৎসাহ দিয়ে প্রধান নির্বাচক তাতিয়ে দিলেন এই বলে, ‘তরুণ খেলোয়াড় যারা সুযোগ পেয়েছে তাদের প্লাটফর্ম শক্তিশালী করার সুযোগ। আমার মনে হয় ইনশা আল্লাহ ওরা পারবে। পাকিস্তানের সিমিং কন্ডিশনে মনোযোগ ওপরের দিকে রাখলে ভালো করতে পারবে।’

বাংলাদেশ টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, রুবেল হোসেন,

সৌম্য সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত