ভোটার উপস্থিতি কম হওয়ায় ঢাকা সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদেরপ্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট কি নাÑ জানতে চাইলে ড. কামাল বলেন, ‘(ভোটার) উপস্থিতি দেখে মোটেও সন্তুষ্ট নই। সকাল সাড়ে ১০টার মধ্যে একশর মতো ভোট পড়েছে। যেখানে এ কেন্দ্রে মোট ভোটার প্রায় ২ হাজার ৬০০-এর মতো।’ তিনি অভিযোগ করেন, ‘মানুষ আস্থা পাচ্ছে না অথবা কোনো কারণে সেভাবে ভোট পড়ছে না। ভোট দিতে সময় বেশি লাগছে।’
ইভিএমে ভোট দিয়ে কেমন লাগলÑ জানতে চাইলে গণফোরাম সভাপতি বলেন, ‘অনেক সময় লাগছে আরকি। আমার ভোট দিতে প্রথম পর্যায়ে তো ১০ মিনিট লেগেছে। আর খুঁজে বের করতে করতে হল জিনিসটা আধা ঘণ্টার মতো লাগল। জিনিসটা খুব জটিল হয়েছে, যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমার আধা ঘণ্টা লেগেছে, অন্যরা ধৈর্য ধরে এগুলো (ভোট) দেওয়ার জন্য পারবে কী পারবে না সে প্রশ্ন থাকছে। এত জটিল করে দিচ্ছে যে মানুষ সহজে ভোট দিতে পারছে না।’ বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভোটে জনগণের রায় প্রতিফলিত হবে কি না এ প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘সেটা ফলাফল দিলে বোঝা যাবে।’ এ সময় তার সঙ্গে ছিলেন গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ, অ্যাডভোকেট সেলিম আকবর, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
