অতীতের যেকোনো সময়ের তুলনায় সুষ্ঠু নির্বাচন : তথ্যমন্ত্রী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৪ এএম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল শনিবার দুপুরে ভোট চলাকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী

প্রচারের আমেজ থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষ যেভাবে উৎসাহ-উদ্দীপনায় ভোট দিয়েছেন, এতে দেখা যাচ্ছে, অতীতের যেকোনো সময়ের চেয়ে নির্বাচনী পরিবেশ ভালো।

সকালের দিকে কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম এবং আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি বেশি ছিল এ প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারের দিক থেকে অনেক এগিয়ে। আর শীতের ও ছুটির দিন সকাল ৮টায় উপস্থিতি কম হওয়াই স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও স্বাভাবিকভাবে বেড়েছে। আশা করব, সবাই ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আর ইভিএম মেশিন নিজেই পোলিং এজেন্টের মতো কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট-পরিচয় সঠিকভাবে মিললেই কেবল ভোট দেওয়া যায়। সুতরাং আওয়ামী লীগের যত কর্মীই থাকুক, ভোটে অনিয়মের সুযোগ নেই। এ সময় মোহাম্মদপুরে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার বিষয়ে মন্ত্রী বলেন, এটি সম্পূর্ণ অনভিপ্রেত এবং অত্যন্ত দুঃখজনক। আমরা এটি সমর্থন করি না। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে।

বিএনপির বিষয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, তাদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু তাদের উদ্দেশ্য নির্বাচন নয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ করা; গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত