সারা আলি খান দু’বছর আগে বলিউডে আত্মপ্রকাশ করেন ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়ে। প্রথম সিনেমাতেই অনবদ্য অভিনয় দিয়ে নিজের মেধার প্রমাণ দেন। এখন সাংবাদিকদের আগ্রহ তার ছোট ভাই ইব্রাহিম আলি খানকে নিয়ে। এ প্রসঙ্গে সারা আলি খান বলেছেন, ‘ইব্রাহিম তার লেখাপড়া শেষ করেছে। এখন সে বলিউডে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। দরকার হলে আমি তার স্বপ্নপূরণে সাহায্য করব। এতদিনে আমাদের ভাই-বোনের আশা পূরণ হতে চলেছে। ছোটবেলা থেকেই আমার শখ ছিল সিনেমায় অভিনয় করা। ইব্রাহিমেরও একই শখ ছিল। আমরা অনেক সিনেমা দেখতাম। বিশেষ করে দাদির (শর্মিলা ঠাকুর) ছবিগুলো। দাদি অনেক ভালোমানের ছবি করতেন। ইব্রাহিম প্রসঙ্গে সারা আরও বলেন, ‘ও বাবার ছবির ভক্ত।’ ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে সারা আলি খানের আলোচিত সিনেমা ‘লাভ আজকাল ২’। এর প্রচারণা নিয়ে ব্যস্ত সারা। বলিউডে কাজ শুরু করা তারকা সন্তানদের এই বিষয়ে বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলিকে এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বিষয়টি খোলাসা করলেন সাইফকন্যা। বললেন, ‘বিষয়টি অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিকই বটে। তবে সাইফ আলি ও অমৃতার মেয়ে হিসেবে আমি গর্বিত। এর বাইরে আমি আসলে কিছু ভাবতে চাই না। কারণ আমি ঠিকঠাক আমার কাজটা করে যেতে চাই। এছাড়া বাড়তি বিষয় নিয়ে বাড়াবাড়ি করাটা বোকামি ছাড়া আর কিছুই না।’ তিনি আরও বলেন, ‘যে যেভাবেই বলিউডে আসুক না কেন, প্রতিভা ছাড়া এখানে কেউ টিকে থাকতে পারবে না। কে কীভাবে কাজ শুরু করেছে, তা না ভেবে কে সফল হয়েছে সেটা নিয়েই ভাবা উচিত।’
×
