ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। গত রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ওমানের আদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী (৩৩), হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের লিয়াকত আলী (৩৫)
ও কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের টিলালাইন এলাকার আলম আহমদ (৩৫)। এই খবর পাওয়ার পর এখন তাদের গ্রামের বাড়িতে মাতম চলছে।
ওমানের আদম এলাকায় কর্মরত বাংলাদেশি শ্রমিক ও নিহতদের স্বজনরা জানান, কাজ শেষে প্রত্যেকে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরেক বাংলাদেশির মৃত্যু হয়।
নিহত লিয়াকত আলীর চাচা মাসুদুর রহমান জানান, প্রায় চার বছর আগে তার ভাতিজা ওমানে গিয়ে নির্মাণশ্রমিকের কাজ করতেন। তার স্ত্রী ও ৯ বছর বয়সী এক সন্তান রয়েছে। পাসপোর্ট নবায়ন করে দুই মাস পর লিয়াকতের দেশে আসার কথা ছিল। তার আগেই সড়ক দুর্ঘটনা সব শেষ করে দিল।
নিহত আলমের ছোট ভাই ওয়াসিম জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে স্ত্রী ও দুই সন্তান রেখে তার ভাই ছয় মাস আগে ওমানে যান। এখন তাদের সবার পথে বসতে হবে। আর নিহত সবুর আলীর মামাতো ভাই কামাল খান জানান, প্রায় ১০ বছর ওমানে ছিলেন সবুর। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে মূর্ছা যাচ্ছেন।
হাজীপুর ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু জানান, লাশগুলো দেশে আনার বিষয়ে তারা মৌলভীবাজার জেলা ও পুলিশ প্রশাসনে যোগাযোগ করলে দূতাবাস কিংবা মন্ত্রণালয় তাদের এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বলে জানান। লাশ ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
