জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই খেলবেন মুশফিক ভাই : মুমিনুল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৭ এএম

ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন পাকিস্তানে না যাওয়ায় মুশফিকুর রহিমকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে ২২ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে একমাত্র টেস্ট। সেই ম্যাচে মুশফিককে দলের বাইরে রাখার জোর চেষ্টা চলছে। কিন্তু বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক গতকাল বিকেলে জানিয়ে গেলেন, জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে একাদশেই চান তিনি।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি খেলতে আজ সন্ধ্যায় বিমান ধরবে বাংলাদেশ দল। ইসলামাবাদ হয়ে ভেন্যু রাওয়ালপিন্ডিতে যাবে কাল সকালে। এই দলে মুশফিক নেই। পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে দল দেশে ফিরে এলে প্রথম বিষয়টি তুলেছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বলেছিলেন, ‘আর হুট করে কেউ এভাবে ছুটিতে চলে যেতে পারবে না। দরকার থাকলে সিরিজের অনেক আগে জানাতে হবে।’

গতকালই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সংবাদ সম্মেলনে মুশফিকের বিষয়টি আসে। তার কথাতেও ধোঁয়াশা। ‘শেষ টেস্টেও মুশফিক রান পেয়েছে।’ ডমিঙ্গো বলছিলেন, ‘কিন্তু আমাদের এটাও বিবেচনা করতে হবে যে একটা ব্যাটিং লাইনআপ নিয়ে এক টেস্টের পর তা বদলে ফেলা আবার তৃতীয় টেস্টের জন্য, অন্য একটা ব্যাটিং লাইনআপ বেছে নেওয়ার ব্যাপারটা।’

এ কথাতে কিছুই বোঝা যায় না। বিকেলে তাই মুমিনুলের কাছে সরাসরি জানতে চাওয়া, তার দলে মুশফিকের অবস্থান কী এবং জিম্বাবুয়ের বিপক্ষে দলে তিনি এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে চান কি না। এটাকে ‘ছেলেমানুষি প্রশ্ন’ বলে মনে হয় মুমিনুলের জবাব দেওয়ার ধরনে। ‘দেখেন এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনিও জানেন, আমিও জানি, সারা বাংলাদেশ জানে। ক্রিকেট দুনিয়াও জানে। আপনার দলে মুশফিক ভাইয়ের মতো একজন ব্যাটসম্যান না থাকা বিরাট... সবাই তো জিনিসটা মিস করবে। একজন ক্যাপ্টেনের জন্য এবং সবার জন্য এটা বিরাট লোকসান।’ হাসি ও সিরিয়াসনেস চেহারায় ধরে রেখে টেস্ট অধিনায়ক বলে যান, ‘সাথে এটাও বলার অপেক্ষা রাখে না যে মুশফিক ভাই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন কি না। অবশ্যই খেলবেন। বাংলাদেশে যেহেতু খেলা অবশ্যই খেলবেন।’

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে পিন্ডি টেস্ট শুরু। ওটা খেলে দেশে ফিরে ২২ ফেব্রুয়ারি থেকে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটা খেলবে বাংলাদেশ। এরপর এপ্রিলে পাকিস্তানে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ সিরিজের বাকিটা খেলবে।

ইদানীং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। ১ ফেব্রুয়ারি ১৪ সদস্যের স্কোয়াড দিয়ে বিসিবি মিডিয়া জানায় ওটা শুধু রাওয়ালপিন্ডি টেস্টের দল। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সেদিনই মিডিয়ায় কাউকে কাউকে বলেন, ওটা পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ও মাঝে জিম্বাবুয়ের বিপক্ষের একমাত্র টেস্টের দল। মুশফিককে জিম্বাবুয়ে সিরিজে যোগ করার কথাও বলেন। এদিন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ ডমিঙ্গো বলেন, ‘আমার কাছে এটা একটা টেস্ট ম্যাচের স্কোয়াড। ফিরে এসে আবার আমরা মূল্যায়ন করব।’

মুমিনুলকেও প্রশ্নটা করা হলে তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে আমি যতটুকু জানি... যেহেতু ওইভাবে কিছু বলা হয়নি... আপনারাও জানেন, আমিও জানি যে হয়তোবা প্রথম টেস্টের (দল)। আমি এর বাইরে জানি না। হয়তো ভবিষ্যতে চেঞ্জ হলেও হতে পারে।’

মুমিনুল মিডিয়ার সামনে তেমন স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে মনে হয় না। জবাবগুলো এলোমেলো থাকে। হয়তো তার জন্য এটা চাপ। নভেম্বরে ভারত সফরে যেমন মিডিয়া সামলাতে গিয়ে গুবলেট করে ফেলেছিলেন। ওই সফরে তার নিজের পারফরম্যান্স খারাপ ছিল। প্রশ্ন উঠেছিল ইন্দোর টেস্টের একাদশ নিয়ে, ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও।

মুমিনুলের খুব একটা উন্নতি হয়েছে বলে মনে হয় না। তবে উন্নতি করার ইচ্ছে তার। সেই প্রসঙ্গে যাওয়ার আগে অবশ্য প্রশ্ন ছিল, রাওয়ালপিন্ডির কন্ডিশন ও উইকেট সম্পর্কে তার ধারণা কেমন? টেস্ট অধিনায়কের সরল স্বীকারোক্তি, ‘আমার কোনো আইডিয়াই নেই। সত্যি কথা।’ পরে বললেন, নিজের পারফরম্যান্সের উন্নতির সঙ্গে ‘অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড অনেক কিছু ব্যাপার-স্যাপার আছে সেগুলোও উন্নতি করার চেষ্টা’ করবেন। পেছনের কথা টেনে জানান, ‘ওই সময় (ভারত সফর) প্রথম সিরিজ বলে আমি একটু ব্যাকফুটে ছিলাম। এবার চেষ্টা করব আরও ভালো করতে।’

টেস্ট খেলার আগে প্রস্তুতি ভালো হলো না। তবে বিসিএলে টেস্ট দলের খেলোয়াড়রা পারফর্ম করেছেন বলে সন্তুষ্ট তিনি। তবু সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে পাকিস্তানে মিস করবেন স্বাভাবিকভাবে। আর পাকিস্তান সফরের লক্ষ্য হিসেবে জবাব, ‘আমরা ভালো ক্রিকেট খেলব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত