বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০২ এএম

বঙ্গবন্ধুর নামে এবার দেশব্যাপী বাংলাদেশ গেমস আয়োজনের ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আগামী ১ থেকে ১০ এপ্রিল হবে এই বিশাল আয়োজন। গতকাল বাংলাদেশ গেমসকে সামনে রেখে প্রস্তুতি অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বিওএ প্রতিনিধিদল। পরে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন, বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। গেমসের জন্য ৩৮ কোটি টাকার বাজেট দিয়েছে বিওএ। তবে সরকারের টাকার অপেক্ষা করবে না বিওএ। শাহেদ জানিয়েছেন, বরাবরের মতো নিজস্ব তহবিল দিয়ে বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের অনুশীলন থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি চালিয়ে নেবেন। পরে সরকারি বরাদ্দ এলে তা সমন্বয় করা হবে। শাহেদ রেজা জানান, প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদি ও বিরতিহীন অনুশীলনের বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন ‘বিওএকে উনি ধন্যবাদ জানিয়েছেন ১৩তম এসএ গেমসে সন্তোষজনক ফলাফলের জন্য। ভবিষ্যতে যাতে এই ধারা অব্যাহত থাকে, তার জন্য দরকার বছরব্যাপী অনুশীলন। ট্রেনিং যাতে নিয়মিত হয় সেটা তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত