ব্যস্ততম নগরীতে যানজট এড়াতে খুব দরকারি জিনিস হচ্ছে গুগল ম্যাপস। সঠিক সময়ে গন্তব্য পৌঁছতে গুগলের এই পরিষেবা গ্রহণে কোনো তুলনাই হয় না। এ ছাড়া অপরিচিত গন্তব্যস্থান খুঁজে বের করতেও আপনার প্রয়োজন গুগল ম্যাপ।
এনডিটিভি জানায়, গ্রাহকের শেয়ার করা তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় গুগলের জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিস। তবে গুগল অ্যাপসকে বোকা বানিয়ে ‘ফেক ট্রাফিক জ্যাম' তৈরি করলেন এক ব্যক্তি।
সাইমন ওয়েকার্ট নামের বার্লিনের এক শিল্পী ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে সাইমনকে হাতে টানা একটি ছোট কার্টের ভেতর একাধিক স্মার্টফোন নিয়ে ফাঁকা রাস্তায় হেঁটে যেতে দেখা যায়। বার্লিনে গুগলের অফিসের সামনে থেকেও হেঁটে গেছেন সাইমন।
সাইমনের কার্টের মধ্যে ছিল ৯৯টা স্মার্টফোন। আর এই স্মার্টফোন ব্যবহার করেই ফাঁকা রাস্তা থাকা সত্ত্বেও গুগল ম্যাপসে ট্রাফিক জ্যাম তৈরি করতে সক্ষম হন তিনি। আসলে গ্রাহকের নেভিগেশন তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় গুগল ম্যাপস। সেটিকেই কাজে লাগিয়ে অনেকগুলো স্মার্টফোন ব্যবহার করে ফেক ট্রাফিক জ্যাম বাঁধিয়ে দিলেন তিনি।
যদিও এই ঘটনা সম্পর্কে ভিডিওতে বিস্তারিত কিছু জানাননি ওয়েকার্ট। তবে গুগল ম্যাপের এমন ফাঁক ব্যবহার করা গেলে, এখন যে কেউ ওয়েকার্টের মতো কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। যা হবে গুগলের জন্য বড় একটি চ্যালেঞ্জ।
