স্বপ্নের মতো মৌসুম পার করছে লিভারপুল। লিগ শিরোপা জিততে দরকার আর মাত্র ৬ জয়। পরবর্তী ছয় ম্যাচে জিতলে তারা লিখবে নতুন ইতিহাস। তা হলো দ্রুততম সময়ে লিগ জয়ের রেকর্ড। তবে ইয়ুর্গেন ক্লপের দল লিগ জিতে যেতে পারে আরও আগে যদি দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি আরও পিছিয়ে পড়ে তাদের থেকে। সমান ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩। ম্যানসিটির ৫১। ২২ পয়েন্ট পিছিয়ে তারা। নিজেদের পরবর্তী ৬টি ম্যাচই যদি জেতে দুই দল, তারপরও বাকি থাকবে ৭টি করে ম্যাচ। সেই ৭ ম্যাচ থেকে ২১ পয়েন্ট পাওয়া সম্ভব সিটিজেনদের। তারপরও ব্যবধান থাকবে ১ পয়েন্টে। অর্থাৎ পরবর্তী ছয় ম্যাচ জিতলে ২১ মার্চ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পরই শিরোপা উল্লাস করতে পারবে ‘অল রেডরা’। লিভারপুলের পরবর্তী ৬টি ম্যাচের প্রতিপক্ষ নরউইচ সিটি, ওয়েস্টহ্যাম, ওয়াটফোর্ড, বোর্নমাউথ, এভারটন ও ক্রিস্টাল প্যালেস। প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড যৌথভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির দখলে। ২০০০-০১ মৌসুমে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছিল ম্যান ইউনাইটেড। ২০১৭-১৮ মৌসুমে তাদের সেই রেকর্ড স্পর্শ করে পেপ গার্দিওলার সিটি। লিভারপুল যেভাবে এগোচ্ছে তাতে আরও রেকর্ড ভাঙার অপেক্ষায় আছে দলটি। প্রিমিয়ার লিগে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর্সেনালের দখলে। ২০০৩ সালের মে থেকে ২০০৪ সালের অক্টোবর পর্যন্ত সময়ে আর্সেন ওয়েঙ্গারের অধীনে এই রেকর্ড গড়েছিল তারা। লিভারপুল পরবর্তী ৬ ম্যাচ জিতলে বা ড্র করলে তাদেরও ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড হবে।
