ঢাকা সিটি ভোটের বৈধতা নিয়ে সংসদে হারুনের প্রশ্ন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৯ এএম

ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের হার এক-তৃতীয়াংশের কম হওয়ায় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) ‘অযোগ্য ও অপদার্থ’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন হারুনুর রশীদ।

এমপি হারুন বলেন, ‘১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন যে ফলাফল দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি সিটি করপোরেশনে ভোট পড়েছে ২৫.৩০ শতাংশ, আরেকটিতে পড়েছে মাত্র ২৯ শতাংশ। যেখানে এক-তৃতীয়াংশ ভোটার উপস্থিত হলো না, এ নির্বাচনের কি কোনো গ্রহণযোগ্যতা আছে, মাননীয় স্পিকার?’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের কি কোনো বৈধতা আছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারল না, তাদের মতামত-রায় প্রদান করতে পারল না। আজকের পত্রিকায় বলা হয়েছে, ইভিএমে ফল পরিবর্তন করা হয়েছে।’

বিএনপির এই এমপি বলেন, ‘সংবিধান প্রণয়নের সময় যদি ভাবা হতো ৩০ শতাংশের কম ভোট পড়বে, তাহলে হয়তো তখন সংখ্যা নির্ধারণ করে দেওয়া হতো যে অন্তত ৫০ ভাগ ভোটার উপস্থিতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

ইসির সমালোচনা করে এমপি হারুন বলেন, ‘বর্তমান সরকারের অধীনে এ নির্বাচন কমিশনের আমল ছাড়া অতীতে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনে ৫০ ভাগের কম ভোটের নজির নেই মাননীয় স্পিকার। জনগণকে এ অবস্থা থেকে অবিলম্বে মুক্তি দেবে বলে আশা রাখি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত