বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা মিলল। যে কীর্তি পিরোজপুরের কাউখালী সরকারি হাই স্কুলের জুনায়েদের। বুধবার হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে আসরের প্রথম হ্যাটট্রিকটিও হয়েছিল পিরোজপুরেই। গত ২৮ জানুয়ারি টাউন মাধ্যমিক স্কুলের আকাশ হ্যাটট্রিকসহ নিয়েছেন ৬ উইকেট। বোলিং ফিগার- ৮-২-২৩-৬।
আর এদিন জুনায়েদ ২৬ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে আগের ‘হ্যাটট্রিকম্যান’ আকাশের টাউন হাই স্কুলকে ৮ উইকেটে হারের লজ্জা দিয়েছে কাউখালী সরকারি হাই স্কুল।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে জুনায়েদের বোলিং ভেলকিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় টাউন হাই স্কুল। সজীব সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত থাকে। জিহাদের ব্যাট থেকে আসে ১৬। দলের আর কেউ দুই অঙ্কের স্কোর গড়তে পারেনি।
দলীয় ৩০ রানে একে একে আকাশ, মাইনুল ও পলাশকে ফিরিয়ে হ্যাটট্রিকের দেখা পায় জুনায়েদ। ২৬ রান খরচায় এ ডান-হাতি পেসারের শিকার ছিল ৬ উইকেট।
২৩ ওভার আর ৮ উইকেট হাতে রেখে টাউন হাই স্কুলের বিপক্ষে জয় নিশ্চিত করে কাউখালী সরকারি হাই স্কুল। সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত থাকে হৃদয়। অঙ্কুর ও সিয়ামের ব্যাট থেকে আসে সমান ১৬ করে।
ম্যাচসেরার পুরস্কার পেয়েছে জুনায়েদ।
