ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানার বনগ্রাম-সমেশপুর আঞ্চলিক সড়কের বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক স্কুলছাত্র। ঘটনার প্রতিবাদে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।
রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই সহপাঠী স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সকালে গোদাগাড়ী-আমনুরা ফরিদপুরের ওই দুর্ঘটনায় নিহতরা হলো বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বাবু মোল্লা (১২) ও সপ্তম শ্রেণির ছাত্র আসিফ হোসেন (১৩)। আহত ইয়ামিন মোল্লাও (১২) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চাবিষয়ক শিক্ষক হুমায়ূন কবীর জানান, ক্লাস ছুটির পর একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল ওই তিনজন। বিদ্যালয় থেকে কিছু দূরে স্থানীয় মুন্সীবাজারগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসিফ ও বাবুর মৃত্যু হয়। ইয়ামিন সামান্য আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই ছাত্রের নিহত হওয়ার ঘটনায় ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ফরিদপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভায়।
কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এছাড়া রাজশাহীর দুর্ঘটনায় নিহতরা হলো উপজেলার আতাহার রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আবদুল আলিম সোহাগ (১২) ও আলমগীর হোসেনের ছেলে সুমন (১১)। আহত জাহিদ হাসানকে (১১) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সবাই স্থানীয় রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, স্কুলে যাওয়ার জন্য নিজেদের সহপাঠীকে ডাকতে একটি বাইসাইকেলে করে তার বাড়িতে যাচ্ছিল ওই তিন স্কুলছাত্র। পথে সাধুরমোড় এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সোহাগ ও সুমনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যায়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ আরও আটজন নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
কুয়াকাটায় বাসচাপায় রাখাইন শিশুর মৃত্যু : পটুয়াখালীর কুয়াকাটায় বাসচাপায় এক রাখাইন শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকালে মহিপুরের ইউসুফ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছে। নিহত এসো (৮) উপজেলার কালাচাঁন পাড়া রাখাইন পল্লীর উবাচুর মেয়ে ও স্থানীয় হাতিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
কলাপাড়া থানার এসআই মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
টাঙ্গাইলে বাসচাপায় পুলিশ সদস্য নিহত : টাঙ্গাইলে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের সিঅ্যান্ডবি রোডের সড়ক ও জনপথ বিভাগের অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান রায়হান (২৩) নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের প্রয়াত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে সিঅ্যান্ডবি রোডের দিকে গেলে করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রায়হান। উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাস ও চালককে আটক করা হয়েছে।
সীতাকুন্ডে নিহত ৩ : চট্টগ্রামের সীতাকুন্ডে মিনি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলার সদর থানার উত্তর দিঘলদী গ্রামের মৃত গহর আলী সর্দারের ছেলে ফজলু বেপারী (৬০), একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে মোহাম্মদ হান্নান (৪২) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুল আমিন (৫৫)।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে পাথরবোঝাই একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় কাঁচা মরিচ বহনকারী মিনি ট্রাকটি।
চাঁদপুরে নিহত ২ : চাঁদপুরে বালুবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায় চাঁদপুর-হাইমচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা যাত্রী নূর মোহাম্মদ বেপারী (৭৫) ও চালক সিরাজ সৈয়াল (২৫)। আহতরা হলেন নিহত নুর মোহাম্মদের স্ত্রী ফিরোজা বেগম (৬৫), পুত্রবধূ আমেনা বেগম (৩৮), নাতি জাহেদ হাসান (৮)।
স্থানীয়রা জানায়, সকালে চান্দ্রা বাজার এলাকায় বালুভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নূর মোহাম্মদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে চালক সিরাজের মৃত্যু হয়।
পঞ্চগড়ে পিতা নিহত, ছেলে আহত : পঞ্চগড়ে ট্রলিচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে পঞ্চগড়-চাকলাহাট সড়কের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন। নিহত মোকলেছ ওরফে বাচ্চু (৪০) সদর উপজেলার বকসিপাড়া গ্রামের প্রয়াত ইউনুস আলীর ছেলে। আহত জুয়েল (২০) নিহত বাচ্চুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাইসাইকেলে করে টুনিরহাট থেকে বাড়ি ফিরছিল পিতা-পুত্র। পঞ্চগড়-চাকলাহাট সড়কে পৌঁছলে সুগার মিলের আখবাহী একটি ট্রলি তাদের বহনকারী বাইসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেলআরোহী বাচ্চু ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ছেলে জুয়েলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
