কাউন্সিলর খোকনসহ জড়িতদের গ্রেপ্তার দাবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০১ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। গতকাল বুধবার দুপুরে সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা এই দাবি জানান।

সমাবেশে ক্র্যাব নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে হত্যার চেষ্টায় কাউন্সিলর খোকনসহ অন্যদের গ্রেপ্তার করা না হলে কেবল সচিবালয়ের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নয়, জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনের মঞ্চ তৈরি করা হবে। সেখানে প্রত্যেকটি ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়া হবে না।

ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, ওয়ান ইলেভেনের সময় অনেক নেতা ও তাদের পরিবার বাঁচার জন্য সাংবাদিকদের সাহায্য নিয়েছেন। আর এখন ক্ষমতা পেয়ে সেই সাংবাদিকদের ওপরই নির্যাতন চালাচ্ছেন। এই দিন বেশি দিন থাকবে না। পুলিশের ওপর হামলা হওয়ার কারণে একজন নবনির্বাচিত কাউন্সিলরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেন অথচ সাংবাদিক নির্যাতনকারীদের ধরছেন না, এটা ঠিক হচ্ছে না। অবিলম্বে নির্যাতনকারীদের গ্রেপ্তার করুন।

মানববন্ধন কর্মসূচিতে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, সাংবাদিকদের ওপর হামলা হওয়ায় নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত, উদ্বেলিত ও আতঙ্কিত। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সাংবাদিকরা সোচ্চার হয়েছে,ন ডিআরইউও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। অবিলম্বে হামলা ও নির্যাতনকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশকে আহ্বান করেন তিনি।

ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাসহ সমাবেশে বক্তব্য রাখেন ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার, সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, মাহবুব আলম লাবলু, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক আকতার হোসেন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান ও ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত