ঢাবির ক্যানটিনে পচা খাবার খাওয়ানো হলো মালিককে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে খাবার ‘পচে নষ্ট’ হয়ে যাওয়ার পরও বিক্রির জন্য তা রেখে দেওয়ায় ক্যানটিন মালিককে সেই খাবার খাইয়েছেন হলটির শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কবি জসীমউদ্দীন হলে ঘটনাটি ঘটে। এ সময় ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত, হল সংসদ ভিপি ফরহাদ আলী, ক্যানটিনের দায়িত্বপ্রাপ্ত হাউজ টিউটর জহির উদ্দীনসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান সৈকত দেশ রূপান্তরকে বলেন, ‘খাবার খেতে গেলে খাবারে লবণের পরিমাণ বেশি পাই এবং মাংস পচা পাওয়া যায়। মাংস নষ্ট হয়ে গেলে পচে যায়। তখন ক্যানটিন মালিকরা এই পচা মাংসে লবণ বেশি দিয়ে আবার সেগুলো রান্না করে শিক্ষার্থীদের খাওয়ায়। মালিককে ডেকে এনে খাবার খেতে বললে অস্বীকৃতি জানান তিনি। পরে তাকে খেতে বাধ্য করি। এ সময় হলের কয়েকজন আবাসিক শিক্ষকও উপস্থিত ছিলেন।’

হলের আবাসিক শিক্ষার্থী মিজানুর রহমান শান্ত বলেন, ‘মাঝেমধ্যেই ক্যানটিনে পচা খাবার পাওয়া যায়। মাছে গন্ধ, মাংস পচা, তরকারিতে লবণ কম অথবা বেশি দেয়। বারবার বললেও এর প্রতিকার পাওয়া যায়নি।’

কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষক জহিরুল ইসলাম বলেন, ‘ক্যানটিনের খাবার পচা ছিল না। তরকারিতে লবণ বেশি হয়েছিল। সেটা কেন হয়েছে, বিষয়টি আমরা তদন্ত করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত